সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার চলছে। এদিকে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হলেও বরাদ্দ করা খাদ্যসহায়তা জেলেদের কাছে পৌঁছায়নি।
ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ২২ দিনে প্রতিটি জেলে পরিবারের জন্য ২০ কেজি চাল বরাদ্দ করা হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় ইলিশ আহরণে সম্পৃক্ত জেলে পরিবারের সংখ্যা ৪৫ হাজার ৬৪২। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৫৮৯, কলাপাড়ায় ১১ হাজার ৬৩৫, বাউফলে ৪ হাজার ২৮০, গলাচিপায় ৮ হাজার ৪২, দশমিনায় ৬ হাজার ৬২৭, মির্জাগঞ্জে ১ হাজার ৩১১, দুমকিতে ১ হাজার ২০৩ ও রাঙ্গাবালী উপজেলায় ৯ হাজার ৯৫৫টি জেলে পরিবার রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জেলে পরিবারগুলোর জন্য ৯১২ দশমিক ৮৪০ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়। তবে এখনো তা বিতরণ শুরু হয়নি।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ইতিমধ্যে বরাদ্দের চিঠি সব উপজেলায় পৌঁছেছে। দু-এক দিনের মধ্যে জেলেদের কাছে চাল পৌঁছাবে।
এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার দায়ে গত ছয় দিনে আট উপজেলার নদ-নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৩ লাখ ৭ হাজার ৩৭৫ মিটার জাল জব্দ করেছে। মামলা হয়েছে ৩২টি, জরিমানা আদায় হয়েছে ৪৯ হাজার টাকা এবং ১৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দশমিনার জেলে সমিতির সভাপতি সিকদার নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা শুরুর সঙ্গে সঙ্গে খাদ্য-সহায়তা দেওয়া হলে অনেক জেলেই হয়তো ইলিশ ধরা থেকে বিরত থাকতেন।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ জেলায় ১৬ হাজার ৩৫৫টি পরিবারকে খাদ্য-সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে নড়িয়ায় ২ হাজার ১৫০, জাজিরায় ৯৫০, ভেদরগঞ্জে ৮ হাজার ৮০৫ ও গোসাইরহাট উপজেলায় ৪ হাজার ৪৫০টি পরিবার রয়েছে। এসব পরিবারের জন্য ৩২৭ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তা আবদুস সালাম গতকাল বলেন, বরাদ্দের চিঠি সব উপজেলায় পৌঁছেছে। এ সপ্তাহের শেষের দিকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ শুরু করা হবে।
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ২৪ ঘণ্টাই তারা নদীতে দায়িত্ব পালন করছে। জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও কাজ করে যাচ্ছি।’