উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভুলতা-বিশনন্দী সড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী এই দুটি পৌরসভার কর্তৃপক্ষ বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
আড়াইহাজারে পৌর এলাকায় টোলের নামে যানবাহনে চাঁদাবাজি করার অভিযোগে গত ৩ অক্টোবর আড়াইহাজারের চৌরাস্তায় শাহজালালের কাছ থেকে ১০ হাজার টাকা ও গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বেইলি সেতুর কাছে আবদুল মান্নানের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় টোল আদায়কারীরা আর কখনো সড়কে টোল আদায় করবেন না বলে মুচলেকা দেন। এরপর চার-পাঁচ দিন টোল নেওয়া বন্ধ থাকলেও পৌরসভার পক্ষ থেকে ফের টোল আদায় শুরু হয়।
তবে বিষয়টি অস্বীকার করে আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে পার্কিং ফি আদায় করা হচ্ছে মাত্র।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনানুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং স্থান না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ও তত্ত্বাবধানে থাকা সড়কগুলোতে যোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো ধরনের টোল আদায় করতে পারবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুলতা-বিশনন্দী সড়কে আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই। অথচ আড়াইহাজার পৌরসভার পক্ষ থেকে চৌরাস্তায় ও গোপালদী পৌরসভার পক্ষ থেকে রামচন্দ্রদী বেইলি সেতুর কাছে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসের গতিরোধ করে ২০ টাকা, মিনিবাস ও ছোট ট্রাক থেকে ৫০ টাকা, ট্রাক ও বড় বাস থেকে ৬০ থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে।
সিএনজি অটোরিকশাচালক সামাদ মিয়া বলেন, ভুলতা-আড়াইহাজার, মদনগঞ্জ-নরসিংদী ও আড়াইহাজার-বিশনন্দী সড়কে চলাচলকারী কোনো যানবাহনই পৌর এলাকায় পার্কিং করে না বা যাত্রীও ওঠানামা করে না।
মেয়র হাবিবুর রহমান বলেন, ‘আড়াইহাজার পৌরসভায় যেসব গাড়ি চলাচল করে সেগুলোতে টোল নেওয়া যাবে। পৌরসভার বাইরে কিংবা প্রধান সড়কে টোল নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা অনিয়ম। এ বিষয়ে আমি কিছু জানি না।’
টোল আদায়ের কথা স্বীকার করে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদার বলেন, স্থানীয় গাড়িগুলো থেকে টোল নেওয়া হয় না। টোলের টাকা নিয়ে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন মেনেই যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনী-ই-ফাতেমা বলেন, বিশনন্দী থেকে আড়াইহাজার হয়ে ঢাকামুখী সড়ক ও সেতুগুলো সওজের অধীনে। এই সড়কে চলাচলকারী যানবাহন থেকে রসিদের মাধ্যমে যেকোনো ধরনের টোল আদায় করা অবৈধ। বিষয়টি দুই পৌর কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক বলেন, সওজ যদি উপজেলা প্রশাসনের সহযোগিতা চায়, তাহলে টোল আদায়কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।