নিষেধাজ্ঞা, তবুও চলছে ইলিশ নিধন
দেশে এখন চলছে ইলিশের প্রজনন মৌসুম। সরকারিভাবে এ সময় ইলিশ নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনাসহ যেসব নদীতে ইলিশ মাছের বিচরণ আছে, সেখানে চলছে অবাধে এ মাছ শিকার। মৎস্য কার্যালয় থেকে অভিযান চালানো হলেও তা খুব একটা কার্যকর প্রভাব ফেলতে পারছে না। সরকারিভাবে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ নিধন চলছে। এই মাছ বিক্রির জন্য প্রত্যন্ত চরে বসছে অস্থায়ী বাজার। সেখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে ও ফেরি করে বিক্রি করছেন।
গতকাল সোমবার কথা হয় বেশ কিছু জেলের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বর্তমানে প্রচুর ইলিশ জালে উঠছে। তাই তাঁরাও ধরছেন। মৎস্য কার্যালয়ের অভিযানের খবর তাঁরা আগেভাগেই পেয়ে যান। প্রতিটি নৌকা থেকে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকা করে তুলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের দিয়ে থানা-পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করা হয়। তারপর সোর্সের কাছ থেকে অভিযানের খবর পেলেই সতর্ক হয়ে যান এসব মৎস্যজীবী।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, জেলেদের সঙ্গে মৎস্য কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গত তিন দিন চৌহালী ও বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জনবল কম থাকায় অভিযান চালানো কঠিন হচ্ছে। তারপরেও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মণ ইলিশ এবং ১ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সমর পাল বলেন, জেলা মৎস্য কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গতকাল বেলা তিনটার দিকে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা মাছ ও জাল ফেলে পালিয়ে যান। আদালত জেলেদের ধরা ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের এক মণ মাছ জব্দ করেছেন। গতকাল সন্ধ্যায় রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। আর মাছগুলো নগরের ছোটমনি নিবাস ও বায়া সেইফ হোমে দিয়ে দেওয়া হয়।
বেড়া (পাবনা): পাবনার বেড়া উপজেলার হুরাসাগর, পদ্মা ও যমুনা নদ-নদীর বিভিন্ন পয়েন্টে প্রশাসনের নজর এড়িয়ে চলছে ইলিশ শিকার। উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে স্বল্প দামে মিলছে ইলিশ। নাম প্রকাশ না করার শর্তে বেড়া পৌর এলাকার এক ব্যবসায়ী বলেন, রাজবাড়ী থেকে বেড়া আসার পথে পদ্মা নদীতে অনেক জেলেকে ইলিশ ধরতে দেখেছেন। এরপর বেড়ার কাজীরহাট থেকে ৪০০ টাকা কেজি দরে ১০ কেজি ইলিশ কিনেছেন। প্রতিটি ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ অভিযান শুরু হওয়ার আগে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় জানায়, ১২ থেকে গতকাল (২৪ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় চার মণ ইলিশ আটক করা হয়েছে। এ ছাড়া ৫০ হাজার মিটারেরও বেশি জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। সাজা দেওয়া হয়েছে সাতজনকে।
এদিকে উপজেলার চার-পাঁচটি মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ ধরা নিষিদ্ধকালে সরকার উপকূলবর্তী জেলেদের ক্ষতিপূরণ হিসেবে চাল দিচ্ছে। কিন্তু বেড়া উপজেলার জেলেদের জন্য কোনো বরাদ্দ নেই। ফলে অভাবী জেলে ও সুযোগসন্ধানী একশ্রেণির মৎস্যজীবী ইলিশ ধরছেন।