নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, ১৬১ জনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকার করার অপরাধে ১৬১ জন মৎস্যজীবীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ভোরে তিন টনেরও বেশি ইলিশ মাছসহ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ড এলাকা থেকে কোস্টগার্ড এই ১৬১ জনসহ মোট ১৬৮ জনকে আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করা হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব উপস্থিত ছিলেন।
অভিযানে ১২টি মাছ ধরার ট্রলার এবং এসব ট্রলার থেকে ২৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ রূপসী বাংলার কমান্ডার মো. ফয়জুল ইসলাম এতে নেতৃত্ব দেন। জব্দ করা মাছের মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
আটক মৎস্যজীবীদের গতকাল সকালে ১৫ নম্বর ঘাট এলাকায় নিয়ে আসা হয়। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ম্যাজিস্ট্রেট বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও গুদামজাত নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় তাঁদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার, জাল ও মাছ নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।