সাইনবোর্ডে লেখা আছে ‘ভারী যানবাহন চলা নিষেধ’, কিন্তু তার তোয়াক্কা করছেন না চালকেরা। তাঁদের বাধাও দিচ্ছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কের উড়ালসেতুতে ভারী যানবাহন চলাচলের এমন ঘটনা ঘটছে প্রতিদিন। নিয়ন্ত্রণ করবে কে, তা নিয়ে চলছে বিভিন্ন পক্ষের চাপান-উতর।
এদিকে আবার যানবাহনের ওজন মাপার জন্য উড়ালসেতুর দুই পাশে কোনো যন্ত্রও (ওয়েট মেশিন) বসানো হয়নি।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এই সংযোগ সড়ক ও উড়ালসেতু নির্মাণ শুরু করে। সংযোগ সড়ক ১ হাজার ১১৪ মিটার দৈর্ঘ্যের। এর গুরুত্বপূর্ণ অংশ ‘উড়ালসেতু’ ২৭ মিটার দৈর্ঘ্যের। মোট নির্মাণ খরচ হয় ১২২ কোটি টাকা। শুধু উড়ালসেতুর জন্য খরচ হয় ৩৮ কোটি ৯৫ লাখ টাকা। ২০১০ সালের বিজয় দিবসে ‘বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক’ উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযোগ সড়ক ও উড়ালসেতু নির্মাণকালীন প্রকল্প পরিচালক ও রাজউকের বর্তমান প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নকশা অনুযায়ী উড়ালসেতুটি বাড়তি ওজনের ভারী গাড়ি চলাচলের উপযুক্ত নয়। বিশেষ করে ১৬ চাকার ৬০ টন ওজনের গাড়ি চলাচলের জন্য তো নয়ই। আর অনেক ট্রাক বা কাভার্ড ভ্যানে পাঁচ টন বহনের কথা লেখা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ৩০ টন পর্যন্ত মালামালও বহন করা হয়।’
রাজউক নির্মাণ করলেও সংযোগ সড়ক ও উড়ালসেতু পরে ঢাকা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয় বলে রাজউকের প্রধান প্রকৌশলী জানান।
যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরদউল্লাহ প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হলেও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব করপোরেশনের নয়। পুলিশের ট্রাফিক বিভাগের।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক, পশ্চিম) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন সংযোগ সড়ক বা উড়ালসেতুতে গাড়ির ওজন মাপার কোনো যন্ত্র বসায়নি। তাই ভারী যানবাহন কত ভারী তা বোঝা সম্ভব হয় না।’
সংযোগ সড়ক ও উড়ালসেতু চালুর সময়ে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছিল, এখানে প্রতি ঘণ্টায় ২ হাজার ৪০০ যান চলাচল করতে পারবে। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণও কঠিন হবে না। কারণ বিজয় সরণি সড়কপথে আসা যানবাহন ফার্মগেট, এলেনবাড়ি এবং প্রস্তাবিত সড়কপথ হয়ে তেজগাঁওয়ের দিকে যেতে পারবে। এই সড়কটি নির্মাণের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় যানজট কমে যাবে। কিন্তু সব সময়ে তা হয় না।