নিষেধাজ্ঞা ভেঙে ফসলি জমির পাথর উত্তোলন

কক্সবাজারের টেকনাফের শীলবুনিয়া এলাকায় ফসলি জমি থেকে বোল্ডার পাথর তুলছেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে করে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি মাটি দেবে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
১৮ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা যায়, টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়া এলাকার একটি ফসলি জমি থেকে প্রকাশ্যে পাথর তোলা হচ্ছে। তিন ব্যক্তি এ কাজে নিয়োজিত। তাঁরা প্রথমে মাটি সরিয়ে গর্ত খুঁড়ছেন। পাথর বের হলে তাতে লোহার রড দিয়ে সাত-আট ইঞ্চি সরু ছিদ্র করছেন। আর ছিদ্র দিয়ে বারুদ ঢেলে দেওয়া হচ্ছে। এরপর কেরোসিন দিয়ে ভেজানো সুতোর একটা মাথা বারুদের সঙ্গে রাখা হচ্ছে। অন্য মাথায় আগুন ধরিয়ে দেন তাঁরা। আগুন বারুদে স্পর্শ করামাত্র বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। এতে বিশাল পাথর টুকরা টুকরা হয়ে ছিটকে পড়ছে। সেগুলো হাতুড়ি দিয়ে ভেঙে কংক্রিট বানানো হচ্ছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে পাথর ওঠানোর ফলে মাটির ওপরের অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে জমি উর্বরতা শক্তি হারাচ্ছে।
জেলা বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, পাথর ওঠালে ফসলি জমি বিপন্ন হয়। পাশাপাশি আশপাশের এলাকা দেবে যেতে পারে। ফলে সেসব জমি ভূগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শীলবুনিয়া এলাকায় পাথর তোলার কাজ করছিলেন তাজর মুল্লুক (৩৮), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন (৩৫)। কথা বলে জানা গেল, তাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন। এ শ্রমিকেরা বললেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রমজান আলী তাঁদের পাথর তোলার কাজে লাগিয়েছেন। এভাবে পাথর উত্তোলন করা বৈধ না অবৈধ, তা তাঁরা জানেন না।
পরিবেশ অধিদপ্তর বলছে, ১৯৯৫ সালে সেন্টমার্টিন, টেকনাফ ও কক্সবাজারকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। তখন সরকারিভাবে সংশ্লিষ্ট এলাকা থেকে পাথর উত্তোলন, অপসারণ, জমির শ্রেণি পরিবর্তন, শামুক-ঝিনুক, প্রবাল-শৈবাল আহরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়। কিন্তু একশ্রেণির অসাধু ব্যবসায়ী এ নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না।
পাথর তুলতে শ্রমিক নিযুক্তকারী রমজান আলী বলেন, তিনি নিজের জমি থেকে পাথর উত্তোলন করছেন। ফলে তিনি কারও কাছ থেকে অনুমতি নেওয়ার ধার ধারেন না। তিনি আরও বলেন, এর আগেও এলাকার অনেকে এভাবে পাথর তুলেছেন। তাঁদের কেউ বাধা দেয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পাথরে যখন বিস্ফোরণ ঘটানো হয়, তখন আশপাশের এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম বলেন, পুরো জেলায় লোকবল-সংকটের কারণে এত দিন সঠিকভাবে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে ওই এলাকায় সরেজমিনে একটি দল পাঠানো হবে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।