নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার
শরীয়তপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা শিকার করা হচ্ছে। এসব জাটকা বিক্রির জন্য ট্রলারে করে ঢাকার বিভিন্ন বাজারে নেওয়া হচ্ছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ বেড়ে ওঠার সময়। এ ছাড়া এ সময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ জন্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা এলাকা থেকে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। এই অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের জাল ফেলা নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নড়িয়া উপজেলার ওয়াপদা, চন্ডিপুর, সুরেশ্বর, বীরমইশাল, চরমোহন, মনিরাবাদ; ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা, চরভাঘা, গৌরঙ্গবাজার, দুলারচর ও স্টেশন বাজার এলাকার নদীতে অবাধে মাছ শিকার করা হচ্ছে। শিকার করা মাছের অধিকাংশই জাটকা। এসব জাটকা ট্রলারে করে ঢাকার বিভিন্ন বাজারে নেওয়া হচ্ছে।
সেই সঙ্গে নভেম্বর থেকে জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ শিকার করা নিষেধ। মৎস্য সংরক্ষণ আইনে এ সময় জাটকা আহরণ, পরিবহন ও বিপণন করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান আছে।
নড়িয়া উপজেলার চরমোহন গ্রামের জেলে আবুল হাসেম বলেন, ‘নদীতে মাছ শিকার করা ছাড়া আমাদের আর কোনো পেশা নেই। মাছ শিকার করে যা আয় হয়, তা দিয়েই সংসার চালাতে হয়। তাই নিষেধাজ্ঞার সময়ও জাল নিয়ে নদীতে নামতে হয়।’
ভেদরগঞ্জ উপজেলার দুলারচর গ্রামের জেলে খবির উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ, অভাবের সংসার। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় আমরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছি।’
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, মার্চ মাস থেকে চার মাস জেলেদের পুনর্বাসনের চাল দেওয়া হবে। এ সময় প্রতি পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। এ জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ হাজার ২২৬ জন মৎসজীবীর নামের তালিকা অনুমোদনের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া জাটকা শিকার ও বিক্রি বন্ধের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রতি দিনই জেলেদের আইনের আওতায় আনা হচ্ছে। তার পরও জাটকা শিকার বন্ধ করা যাচ্ছে না।