নিষেধাজ্ঞা ভেঙে রাতে চলছে স্পিডবোট, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝির ঘাট পারাপারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে স্পিডবোট চালানো হচ্ছে। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া ঘাটটিতে স্পিডবোটে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ঈদে দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কপথে ঢাকা-শরীয়তুপর যাতায়াতে যাত্রীরা শিমুলিয়া-মঙ্গলমাঝির ঘাটে লঞ্চের পাশাপাশি স্পিডবোট চলাচল করেন। এ পথে ১৫০টি স্পিডবোট চলাচল করে। স্পিডবোটে শিমুলিয়া ঘাট থেকে ১৬০ টাকা ও মঙ্গলমাঝির ঘাট থেকে ১৫০ টাকা করে ভাড়া নেওয়া হয়। অথচ প্রায় একই দূরত্বের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে ভাড়া নেওয়া হয় ১২০ টাকা।

শিমুলিয়া ঘাটের স্থানীয় বাসিন্দা, ঘাটসংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীরা বলেন, শিমুলিয়া ঘাটের ইজারাদার আশরাফ হোসেন খান স্থানীয় মেদেনীমণ্ডল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর ভাই শওকত হোসেন ঘাটে স্পিডবোট চলাচল নিয়ন্ত্রণ করেন। স্পিডবোটের ভাড়া থেকে ৯০ টাকা দেওয়া হয় চালক ও মালিককে। বাকি ৭০ টাকা ইজারা বাবদ নেওয়া হয়। প্রতিবাদ করলে মালিক ও চালকদের মারধর করা হয়। হয়রানি করা হয় যাত্রীদের। শওকতের তত্ত্বাবধানে রাতেও স্পিডবোট চালানো হয়। রাতে ভাড়া নেওয়া হয় ২০০ থেকে ২৫০ টাকা করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্পিডবোট চালক বলেন, তাঁরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে বোট চালান। অথচ যাত্রীদের কাছ থেকে আদায় করা ১৬০ টাকার মধ্যে ৭০ টাকাই রেখে দেন ইজারাদার। প্রতিবাদ করলে শওকত হোসেন তাঁর লোকজন নিয়ে মারধর করেন। ঠিকমতো বোটের সিরিয়াল দেন না।

এ বিষয়ে গতকাল সোমবার শিমুলিয়া ঘাটের ইজারাদার আশরাফ হোসেন খান বলেন, ‘মঙ্গলমাঝির ঘাটের দূরত্ব একটু বেশি হওয়ায় ভাড়া ১৬০ টাকা নেওয়া হয়। মঙ্গলমাঝির ঘাট থেকে কেন ১০ টাকা কম নেওয়া হয় আমার জানা নেই। আমার পরিবারের সদস্যরা ঘাটে প্রভাব বিস্তার করে না। কোনো বোটমালিককে টাকা কম দেওয়াও হয় না। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’

জানতে চাইলে, শওকত হোসেন বলেন, ‘আমার ভাই কোটি কোটি টাকা ব্যয় করে ঘাটের ইজার এনেছেন। ঘাট চালাতে নানা রকমের খরচ আছে। তাই একটু বেশি টাকা ইজারা বাবদ রাখা হয়। আর রাতে স্পিডবোট চালাতে সহায়তা করে মাওয়া নৌপুলিশ। আমরা কিছু জানি না।’

তবে শিমুলিয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) সরোজিৎ ঘোষ বলেন, ‘আমরা সব সময় টার্মিনালে টহল দিই। আমাদের উপস্থিতিতে রাতে স্পিডবোট চলাচল করে না। ইজারাদারের সহায়তায় কিছু বোট চলাচল করে। সেগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, রাতে স্পিডবোট চালানোর কারণে এই পথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের মালামাল ছিনতাই ও ডাকাতিও হচ্ছে। গত দুই বছরে এ পথে স্পিডবোট দুর্ঘটনায়১৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাতে মারা গেছেন ১২ জন। সর্বশেষ গত ৮ মার্চ রাতে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে গেলে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল সিকদারও ভেদরগঞ্জের পুটজুরি গ্রামের হারুন হাওলাদারের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র লাবিব হাওলাদার প্রাণ হারান।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌপরিবহনের ট্রাফিক পরিদর্শক মো. সলেমান বলেন, ‘আমরা সন্ধ্যার সাথে সাথে ঘাট বন্ধ করে দিই। নদীতে স্পিডবোট চলাচল বন্ধ রাখার জন্য পুলিশ ও ইজারাদারকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কার্যকর পদক্ষেপ নেন না। তাঁদের অসহযোগিতার কারণে ঝুঁকি নিয়ে নিয়মিত রাতে স্পিডবোট চলাচল করছে।’

এসব বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. রায়েদুল আলম মুঠোফোনে বলেন, ‘ঈদে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য কয়েকটি সভা করেছি। সভাগুলোতে ঘাটে সেবাদানকারী সব সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় রাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় রাতে স্পিডবোট চলাচলের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের কর্মকর্তারা কাজ করছেন।’