নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মেঘনায় চলছে মাছ ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কয়েকটি এলাকায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা চলছে। এতে ইলিশ রক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে চাঁদপুর জেলা ইলিশ ও জাটকা রক্ষা টাস্কফোর্স কমিটি ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়া এই সময় ইলিশ বেচাকেনা, পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়।

প্রশাসনের চোখ ফাঁকি দিতে জেলেরা এখন নতুন কৌশলে মাছ ধরছেন। ওই কৌশল অনুযায়ী জেলেরা নদীতে জাল পেতে জালের কাছে থাকেন না। জালের এক প্রান্তে প্লাস্টিকের বোতল বেঁধে চলে যান নিরাপদ দূরত্বে। এভাবে জাল ফেলে রাখেন কমপক্ষে তিন-চার ঘণ্টা। পরে সময় বুঝে মাছসহ জাল তুলে ফিরে যান বাড়ি। প্রতিদিন দুবার (খুব সকাল ও গভীর রাত) জালে আটকে থাকা মাছ তোলা হয়।

 গতকাল মঙ্গলবার সকালে মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল, এখলাশপুর, মোহনপুর, আমিরাবাদ, জহিরাবাদসহ আরও কয়েকটি এলাকায় দেখা গেছে, সেখানে জেলেরা জাল পেতে রেখেছেন। জাল খুঁজে বের করার জন্য জালের এক প্রান্তে প্লাস্টিকের বোতল বেঁধে দেওয়া হয়েছে।

মাছ ধরার পাশাপাশি বিক্রিও বন্ধ নেই। গতকাল ষাটনল, এখলাশপুর ও আমিরাবাদ গ্রামে গিয়ে দেখা যায়, জেলেরা বাড়ি বাড়ি গিয়ে জাটকা, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রি করছেন। কম দামে এসব মাছ কিনছেন গ্রামবাসী। ষাটনল গ্রামের বাসিন্দা মো. শান্ত বলেন, বাজারে মাছের দাম বেশি। এ জন্য কম দামে বাড়িতে বসেই লোকজন মাছ কিনছেন।

নাম প্রকাশ না করার শর্তে আমিরাবাদ এলাকার এক জেলে বলেন, ‘মাছ বেইচ্চা সংসার চলে। নদীতে জাল না ফালাইলে আমরা খামু কী? সরকার আমাগো একটা টেয়া, এক রত্তি খাওনও দেয় নাই। এলিগা চুরি কইরা নদীতে জাল ফালাই। নিষেধাজ্ঞা মানলে কি আর আমাগো পেড ভরব?’ তিনি আরও জানান, তাঁদের এলাকায় পাঁচ হাজার জেলে আছেন। সরকার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তা দেয় না। এ কারণে প্রায় সব জেলে কৌশলে মাছ ধরছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, বারবার অভিযান সত্ত্বেও জেলেরা নতুন কৌশলে জাল ফেলছেন। জাল জব্দ করা গেলেও জেলেদের প্রায়ই ধরা যায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ডিমওয়ালা ইলিশের প্রজনন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, নিষেধাজ্ঞা ভঙ্গ করে মেঘনায় মাছ ধরার অভিযোগে গত পাঁচ দিনে ৫৬ জন জেলেকে আটক করে সাজা দেওয়া হয়েছে এবং ২০ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে। যেকোনো মূল্যে ডিমওয়ালা ইলিশ রক্ষা করা হবে।