নিষেধাজ্ঞার পরও দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক
নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেট নগরে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক। এ জন্য পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের নির্লিপ্ততাকে দায়ী করছেন অনেকে। গত বছরের ১ জুলাই নগরের রাস্তাগুলোতে ‘ইজিবাইক’ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে মহানগর পুলিশ। সে সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নগরের কয়েকজন বাসিন্দা জানান, এক মাস ধরে ইজিবাইকের চালকেরা নিয়মিত যাত্রী পরিবহন করছেন। নিষেধাজ্ঞা জারির আট মাস পর হুট করে এসব অবৈধ ইজিবাইক চলাচলের কারণ হিসেবে নগরবাসী পুলিশের গাফিলতি ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। বন্দরবাজার এলাকার পথচারী আবুল কাসেম বলেন, ‘অনেক দিন ইজিবাইক চলাচল বন্ধ ছিল। তাই যানজট ও দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছিল। আবার ইজিবাইক চলছে। আবার নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ ইজিবাইকে চলাচল করেন এমন কয়েকজন যাত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে নগরের সড়কগুলোতে ব্যাটারিচালিত এ যানটি চলাচল শুরু করে। যানটি দ্রুত নগরে ছড়িয়ে পড়ায় যানজট বেড়ে যায়। গাড়ি চালানোয় চালকদের ন্যূনতম দক্ষতা না থাকায় এবং নিয়ন্ত্রণহীনভাবে চলাচলের কারণে পথচারী ও যাত্রীদের প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয়। বিদ্যুতের সাহায্যে ইজিবাইকের ব্যাটারি চার্জ করার কারণে নগরে লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে গিয়েছিল। এ কারণেই বিভিন্ন নাগরিক সংগঠন ও পথচারীরা নগরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে আসছিল।
মহানগর পুলিশ ও সিটি করপোরেশন সূত্র জানায়, নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং অবৈধ ইজিবাইক চলাচলের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় মহানগর পুলিশ গত বছরের ১ জুলাই থেকে নগরে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় মহানগর পুলিশের সিদ্ধান্তকে সমর্থন করে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও অবৈধ যানটি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, যেসব ইজিবাইক ইদানীং নগরে চলাচল করছে, সেসব চালাতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসব চলাচলের কোনো অনুমতি নেই। অবৈধভাবে চালকেরা এসব ইজিবাইক চালাচ্ছেন।
নগরের ভেতরে ইজিবাইক চলাচলের বিষয়টি অস্বীকার করে ইজিবাইকচালক কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ গোলাম রহমান বলেন, ‘পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে নগরের ভেতরে নয়, আশপাশের এলাকায় ইজিবাইক চলে। হরতাল-অবরোধ থাকায় মাঝেমধ্যে নগরের ভেতরে কোনো কোনো চালক ঢুকে পড়ে। তবে আমরা তো চাই নির্বিঘ্নে নগরের ভেতরেও যেন চলাচলের অনুমতি আমাদের দেওয়া হয়।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, নগরে ইজিবাইক চলাচলে মহানগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। খোঁজ নিয়ে শিগগির অভিযান চালানো হবে। নগরবাসীর স্বার্থে ইজিবাইক চলাচল রোধে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।