নিষেধাজ্ঞার পরেও ইলিশ ধরায় কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১১ জেলেকে ১৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মনসুরাবাদ, কবিরপুর, গোলডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালান আদালত।
এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এসডিসি) মনদীপ ঘড়াই।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন ফরিদপুর সদরের জিয়ারত হোসেন (৩২), মো. জাকির (২৫), রবিন (১৮), মো. ফরহাদ হোসেন (৩০), বাবুল মিয়া (৩১), বাদশা মিয়া (৫০), মুরাদ হোসেন (১৮), মো. লাবলু (৩০), গফুর মিয়া (২৮), কামালউদ্দিন (২৭) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মানিক (৩৬)।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. নওশের আলী জানান, অভিযানকালে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
মনদীপ ঘড়াই বলেন, সরকারি আইন অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে ওই ১১ ব্যক্তিকে ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ দিন করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা জাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পোড়ানো হয়। এ ছাড়া জব্দ করা মাছ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, সরকার ঘোষিত ২২ দিনের কর্মসূচির আওতায় জেলেরা এই ২২ দিনে মাছ ধরা বন্ধসহ ইলিশ মাছ ক্রয় ও বিক্রয় করতে পারবে না। ১২ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
এর আগে গত শনিবার রাতে একই অভিযোগে ৯ জেলেকে ২০দিন করে কারাদণ্ড দেওয়া হয়।