নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত অবস্থায় গুলশানে সড়কে পড়ে থাকা অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রানী (৩৫)। বাড়ি সিলেটের জৈন্তাপুর এলাকার আদর্শগ্রামে। তাঁর এক ছেলে ও মেয়ে আছে। ছেলের নাম শান্ত (১৮) ও মেয়ে প্রতিবন্দ্বী নন্দিনী (৫)। তিনি ঢাকায় কুড়িল বিশ্বরোড এলাকায় মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

রানীর বোন শাহানাজ প্রথম আলোকে বলেন, রানির বাসার পাশেই তিনিও ভাড়া বাসায় থাকেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাঁর বাসায় মেয়ে নন্দিনীকে রেখে কাজে বেরিয়ে যান রানী। এরপর আর কোনো খোঁজ পাননি।

রানী পেশায় কী করতেন এমন প্রশ্নেরও জবাব দিতে পারেননি তাঁর বোন শাহনাজ। শুধুই বলছেন, রাতে বের হতো। বাসায় ফিরতেন সকালে। কোথায় কোন প্রতিষ্ঠানে কাজ করতেন তাঁর কোনো উত্তর দিতে পারেননি। এ দিকে নিহত রানীর ছেলে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলশান থানা পুলিশ ধরে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে ময়নাতদন্তে ওই নারীর মরদেহ থেকে দুটি গুলি উদ্ধার করেন চিকিৎসকেরা ।

গতকাল শুক্রবার রাতে এই নারীর মরদেহ গুলশান থেকে উদ্ধার করে পুলিশ। তখন তাঁর পরিচয় পাওয়া যায়নি। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী রাত একটা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্ট্রার খাতায় লিখে যায় তারা।

ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে। গুলিটি কি ধরনের সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন।

মরদেহটি গুলশান ২ এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে ছিল। সেখান থেকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফারুক আলম প্রথম আলোকে বলেন, রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। এ সময় থানা থেকে জানানো হয় মরদেহটির কথা। গিয়ে দেখেন দেহটি চিত হয়ে পড়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। ডান কাঁধের নিচে রক্ত ছিল, মনে হচ্ছিল থেঁতলে গেছে। কোন গর্ত ছিল না। যে জায়গাটিতে দেহটি পড়েছিল সেখানে কোন রক্ত জমাট বাঁধা ছিল না।

ফারুক আলম বলেন, প্রাথমিকভাবে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। তাকে গুলি করা হলেও অন্য কোথায় গুলি করে এখানে এনে লাশ ফেলে রাখা হয়েছিল।