নিহত অপরজনের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে গত বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় গতকাল শুক্রবারও পাওয়া যায়নি। নিহত অপরজন হলেন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার মো. শফিউল ইসলাম (২০)।
নিহত শফিউল পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যা মামলারও অন্যতম আসামি ছিলেন।
র্যাব-১৪-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ঈদের দিন শোলাকিয়ায় হামলার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় শফিউলকে। তিনি র্যাবের প্রহরায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশের কাছে হস্তান্তর করার জন্য র্যাবের একটি দল ওই দিন রাতে তাঁকে কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিল। রাত ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি বন্দ এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা কিছু লোক র্যাবের মাইক্রোবাসে বোমা ছোড়েন। এতে র্যাবের তিন সদস্য আহত হন। এ সময় শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখন র্যাব আক্রমণকারীদের লক্ষ্য করে গুলি করে। দুপক্ষের গুলিবিনিময়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরা শফিউল গুলিবিদ্ধ হন। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আরও এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, চারটি চাপাতি, দুটি মোটরসাইকেল, কিছু গুলি ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ে গত ২১ ফেব্রুয়ারি মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার পর থেকে শফিউল পলাতক ছিলেন। শফিউল যজ্ঞেশ্বর হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
প্রথম আলোর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি বলেন, শফিউলের লাশ নিতে চায় তাঁর পরিবার। গতকাল শুক্রবার বিকেলে বিরামপুরের দেবীপুর গ্রামে শফিউলের মা নার্গিস সুলতানা বলেন, লাশ নেওয়ার জন্য ইতিমধ্যে ময়মনসিংহের নান্দাইল থানায় যোগাযোগ করা হয়েছে।
গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় সন্দেহভাজন হামলাকারী শফিউলকে।