নিহত জঙ্গি আবদুল্লাহর দুই সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, ঢাকার মিরপুরে তাদের অভিযানে নিহত জঙ্গি আবদুল্লাহর দুই সহযোগীকে তারা গ্রেপ্তার করেছে। ওই দুজনই জেএমবির সদস্য। সোমবার দিবাগত রাতে র‌্যাব-১২-এর একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহাদত হোসেন(২২) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সম্রাট মিয়া (২১)।

শাহাদত নারায়ণগঞ্জের পাঠানতলী একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। সম্রাট মিয়া মোহনগঞ্জ মহুয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। এইচএসসি পাস করতে না পেরে তিনি পোশাক কারখানায় চাকরি নেন।

র‌্যাব-১২-এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর মঙ্গলবার সকালে টাঙ্গাইলে র‌্যাবের ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, ৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে অভিযান চালিয়ে জেএমবি সদস্য মাসুমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরে জঙ্গি নেতা আবদুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। গত ২৫ আগস্ট আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন গ্রেপ্তার হওয়া সম্রাট ও শাহাদত। ওই বৈঠকে তাঁরা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের অধিনায়ক।

র‌্যাব-১২-এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাশ জানান, গ্রেপ্তার ওই দুজনকে টাঙ্গাইলের কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে নেওয়া হয়। তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।