নিহত জঙ্গি আবদুল্লাহর স্ত্রী গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি সদস্য আবদুল্লাহর পলাতক স্ত্রী রুবিনা পারভিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবিনা ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুন্ডু এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রুবিনা পারভিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।
গত ২১ এপ্রিল জঙ্গি আস্তানা সন্দেহে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবদুল্লাহর বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ওই বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় আবদুল্লাহ ও তাঁর স্ত্রী রুবিনা খাতুন। গত ৭ মে মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় আরেক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আবদুল্লাহর মৃত্যু হয়।