গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার আশুলিয়ায় র্যাব ও পুলিশের অভিযানের প্রায় ৩৬ ঘণ্টা পরও নিহত ১২ জঙ্গির নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিহত জঙ্গিদের কয়েকজনের নাম জানানো হলেও তার সত্যতা মেলেনি।
এদিকে জঙ্গিবিরোধী চারটি অভিযান হলেও গতকাল রোববার রাত সাড়ে নয়টা পর্যন্ত কেবল একটি ঘটনায় মামলা হয়েছে। অন্যগুলো প্রক্রিয়াধীন ছিল বলে জানা গেছে। গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানের ঘটনায় মামলা হলেও সেখানে নিহত কারও নাম উল্লেখ করা হয়নি। তবে গত শনিবার পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাতের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। গতকাল জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, তিনি নিজেই বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।
গত শনিবার এক দিনে গাজীপুর সিটি করপোরেশন এলাকার হাঁড়িনাল ও পাতারটেক, টাঙ্গাইল শহরের কাগমারা এবং ঢাকার আশুলিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এর মধ্যে হাঁড়িনাল, কাগমারা ও আশুলিয়ায় অভিযানের পর র্যাব নিহত পাঁচজনের নাম প্রকাশ করে। তাদের দেওয়া ঠিকানায় সরেজমিনে গিয়ে জঙ্গিদের কারোরই অস্তিত্ব পাওয়া যায়নি।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘শনিবার সুরতহাল করেই আমরা ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অস্ত্র আইনে মামলাটি করা হয়েছে। আলামত হিসেবে জব্দ করেছি ২২ বোর রাইফেলের প্রায় ১০০ রাউন্ডের মতো গুলির খোসা, পিস্তলের ১০৫টি গুলি, রিভলবারসহ ৩টি অস্ত্র। তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং কাগজপত্রগুলো তারা পুড়িয়ে ফেলেছে।’
গাজীপুরের পাতারটেকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা করেছেন। মামলায় বাড়ির মালিক সোলায়মান সরকারের ভাই ওসমান সরকারসহ অজ্ঞাতনামা মৃত সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, ওসমান আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের আরবি প্রভাষক। তিনি বাড়ি ভাড়া দিতেন এবং বাড়িভাড়া আদায় ও অন্যান্য বিষয় দেখাশোনা করতেন। তাঁর আশ্রয়-প্রশ্রয়ে নিহত জঙ্গি সদস্যরা বাড়িটিতে অবস্থান করে বেশ কিছুদিন ধরে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসমান অজ্ঞাতনামা কয়েকজনসহ পালিয়ে যান।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, পুলিশ ও র্যাবের অভিযানে নিহত নয়জনের লাশ শনিবার রাতে হাসপাতালের মর্গে আসে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর গতকাল দুপুরে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়।
র্যাব-১-এর উপপরিচালক মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, পশ্চিমপাড়া এলাকায় র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের কাগমারায় র্যাবের অভিযানের ঘটনায়ও গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। র্যাব জানিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গাজীপুরে নিহত দুজনের নাম-পরিচয় নিয়ে বিভ্রান্তি
গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম হাঁড়িনাল লেবুবাগান এলাকায় র্যাবের অভিযানে দুজন নিহত হন। র্যাবের পক্ষ থেকে জানানো হয় তাঁদের নাম তৌহিদুল ইসলাম ও রাশেদ মিয়া, তাঁদের বাড়ি নরসিংদী।
তবে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম প্রথম আলোকে বলেন, ‘র্যাব আমাদের সঙ্গে সমন্বয় করেনি। এ ছাড়া পুলিশ সদর দপ্তর থেকেও আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে জঙ্গিদের বাড়ি নরসিংদী দেখে আমরা খোঁজ নিয়েছি। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হতে পারিনি।’
এদিকে তৌহিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র বলে জানায় র্যাব। তবে ডুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, তৌহিদ নামে তাদের যে কজন শিক্ষার্থী রয়েছেন, তাঁরা সবাই জীবিত।
ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. কামরুজ্জামান জানান, গাজীপুরের হাঁড়িনালে র্যাবের অপারেশনে তৌহিদ নামে ডুয়েটের শিক্ষার্থী নিহত হওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়। ওই খবর পাওয়ার পর ডুয়েটে ওই নামের সব ছাত্রের বিষয়ে অনুসন্ধান চালানো হয়। তৌহিদ নামে তাঁদের সাত শিক্ষার্থী থাকলেও তাঁরা কেউ শনিবার র্যাবের অভিযানে নিহত হননি। টেলিফোনে যোগাযোগ করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
গাজীপুরের দুই বাড়ি
গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকার যে বাড়িতে পুলিশ অভিযান চালায় সেই বাড়িতে গতকাল গিয়ে দেখা যায়, দোতলা বাড়িটির নিচতলার কলাপসিবল গেটে তালা দেওয়া। সেখানে ‘ক্রাইম সিন ডু নট ক্রস’ লেখা হলুদ ফিতা লাগানো আছে। সিঁড়িতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে আছে। বাড়ির লাগোয়া পূর্ব পাশের দেয়ালঘেরা একটি জায়গার ভেতর কিছু কাগজপত্র পোড়া ছাই পড়ে থাকতে দেখা যায়।
এলাকার কয়েকটি শিশু বাড়িটির নিচ থেকে জাতীয় পরিচয়পত্রের কুচি কুচি করা অংশ সংগ্রহ করে নিয়ে এসে সাংবাদিকদের দেখায়। টুকরোগুলো এক করে দেখা যায় একটি রঙিন পরিচয়পত্র। আর অন্যটি ফটোকপি। রঙিন পরিচয়পত্রে লেখা আছে মো. শাকিল মাহমুদ, পিতা আবদুল জব্বার, মাতা মোছা. শাহীনা খাতুন। ফটোকপি করা পরিচয়পত্রটিতে নাম ও বাবার নাম একই রয়েছে, শুধু মায়ের নাম লেখা রয়েছে আরিফা খাতুন। জন্মতারিখ লেখা রয়েছে ১৮ আগস্ট, ১৯৯০। ঠিকানার জায়গায় নাটোর সদরের তোবারিয়া লেখা রয়েছে।
দোতলা এই বাড়ির বাসিন্দারা গতকাল থেকে আর বাড়িতে ঢুকতে পারেননি। জুলেখা বেগম নামের এক বাসিন্দা বলেন, এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। এরপর আর ঢুকতে দেওয়া হয়নি। পাশের পরিচিতজনের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।
শাহিনুল আলম নামের আরেক বাসিন্দা বলেন, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। আর তাঁর স্ত্রী কাজ করেন একটি পোশাক কারখানায়। দুজনেই শনিবার সকালে কাজে যাওয়ার পর শুনতে পান অভিযানের কথা। তখনই ফিরে আসেন। কিন্তু আর ঢুকতে পারেননি। বাড়িটি ঘিরে উৎসুক মানুষের জটলা ছিল। নিজেদের মধ্যে তাঁরা অভিযান নিয়ে কথা বলছিলেন।
হাঁড়িনাল পশ্চিমপাড়ার যে বাড়িতে র্যাব অভিযান চালিয়েছিল সে বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির মূল কলাপসিবল গেটে তালা মারা। বাড়ির ভেতরে কোনো লোক নেই। যে ফ্ল্যাটটিতে জঙ্গিরা থাকতেন, সেই ফ্ল্যাটের রান্নাঘরের একটি জানালা খোলা পাওয়া যায়। জানালা দিয়ে দেখা যায়, চুলার ওপর একটি কড়াই আর একটি হাঁড়ি বসানো। চুলার তাকের নিচে কিছু আলু আর পেঁয়াজ ছড়িয়ে রাখা। একটি ছোট পলিথিনে কাঁচা মরিচ আর আরেকটি পলিথিনে লাল মরিচ রাখা আছে। চুলার এক পাশে অ্যালুমিনিয়ামের একটি বড় থালা। আশপাশের লোকজন বলেন, রাতে বাড়িটিতে বাসিন্দারা ছিলেন। কিন্তু সকালে উঠেই তাঁরা চলে গেছেন। কোথায় গেছেন তাঁরা জানেন না।
টাঙ্গাইলে নিহত দুই জঙ্গির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি
টাঙ্গাইলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই জঙ্গির যে ঠিকানা র্যাব দিয়েছে, রাজশাহীর চারঘাটে তা খুঁজে পাওয়া যায়নি। র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক মহিউদ্দিন ফারুকী শনিবার রাতে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে নিহত দুই জঙ্গির পরিচয় জানান। এতে বলা হয়, তাঁদের নাম আতিকুর রহমান ও সাগর হোসেন। দুজনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকের বাবার নাম লতিফুর রহমান। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। আর সাগর একই উপজেলার জুনায়েদ হোসেনের ছেলে।
গতকাল সকালে চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে গিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ওই গ্রামে সাগর নামের তিনজনের কথা জানতে পারেন। তবে তাঁদের কারও বাবার নামই জুনায়েদ নয় এবং তিনজনই জীবিত। আবার ইউসুফপুর ইউনিয়নের অন্যান্য গ্রামে আরও চারজন সাগরের পরিচয় পাওয়া গেছে। তাঁরাও সবাই জীবিত। এই সাতজন সাগরের মধ্যে চারজন এলাকার বাইরে চাকরি করেন। স্বজনেরা মুঠোফোনে তাঁদের সঙ্গে প্রথম আলোর প্রতিবেদককে কথা বলিয়ে দেন। ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম ও নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানও এই পরিচয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান।
টাঙ্গাইল প্রতিনিধি বলেন, র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির ময়নাতদন্ত গতকাল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল সোবাহান বলেন, একজনের শরীরে চারটি এবং আরেকজনের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
আশুলিয়ায় নিহত ব্যক্তির ঠিকানা নিয়ে বিভ্রান্তি
সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক বলেন, ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত অবস্থায় আটক ও পরে মারা যাওয়া আবদুর রহমানের নাম-ঠিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে পুলিশ এই নামের কাউকে খুঁজে পায়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন, নিহত জঙ্গি আবদুর রহমানের নামে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে ইস্যুকৃত পাসপোর্টে ঠিকানায় তাঁর বাবার নাম রয়েছে আবদুল্লাহ। তবে ওই এলাকায় ওই ঠিকানায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
নিহত আবদুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার ওরফে রুমিকে আসামি করে র্যাব-৪-এর উপপরিচালক হুমায়ুন কবির আশুলিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করেছেন। আবদুর রহমানের তিন সন্তান আতিয়া হক (১১), মো. জাওয়াদ হোসেন (সাড়ে ৫ বছর) ও তাহমিদ হাসান (৪) পুলিশের হেফাজতে রয়েছে। শাহনাজ ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে র্যাব। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ) আসামি শাহনাজ ও তাঁর সন্তানদের আদালতে পাঠানো হবে।
প্রশাসন চাইলে লাশ শনাক্তে আসবে আকাশের পরিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি বলেন, গাজীপুরে নিহত জেএমবি নেতা ফরিদুল ইসলাম ওরফে আকাশের চাচা, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ গতকাল সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সঙ্গে দেখা করেছেন। তাঁরা বলেছেন, সরকারিভাবে জানানো হলে তাঁরা লাশ শনাক্ত করবেন। সিরাজগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান বলেন, জেএমবি নেতা নিহত ফরিদুলের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে ঢাকা থেকে সরকারিভাবে তাঁদের এখনো কিছু জানানো হয়নি।
আরও পড়ুন