নিহত জঙ্গির 'নিখোঁজ' চাচাতো ভাই গ্রেপ্তার
ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝোড়ো অভিযানে নিহত নোয়াখালীর এক জঙ্গির ‘নিখোঁজ’ চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলী ওরফে বাহাদুর (৪৫)। ‘নিখোঁজ’ থাকার পাঁচ মাসেরও বেশি সময় পর গতকাল শুক্রবার নোয়াখালী শহরের পুলিশ লাইনস সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মোহাম্মদ আলী ‘নিখোঁজ’ থাকার বিষয়ে পরিবারের পক্ষ থেকে গত ১৪ জুলাই নোয়াখালীর সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বলা হয়, ৫ মে থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন জোবায়ের হোসেন। তখনই তাঁর চাচাতো ভাই মোহাম্মদ আলীর নিখোঁজ থাকার বিষয়টি আলোচনায় আসে। তাঁর বাড়ি নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী গ্রামে।
পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর নোয়াখালীতে সহিংস ঘটনায় ওই মামলাগুলো করা হয়েছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের মাইজদী বাজারের পুলিশ লাইনস সড়ক থেকে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, মামলা থাকায় এত দিন আত্মগোপনে ছিলেন। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা এখনো স্বীকার করেননি।
গত ১ জুলাই ঢাকার গুলশানে ‘হলি আর্টিজান রেস্তোরাঁয়’ জঙ্গি হামলার পর জোবায়েরের ‘নিখোঁজ’ থাকার কথা উল্লেখ করে তাঁর বাবা আবদুল কাইয়ুম সুধারাম থানায় জিডি করেন। ১২ জুলাই করা ওই জিডিতে উল্লেখ করা হয় ২৫ মে রাত থেকে জোবায়ের নিখোঁজ রয়েছে। এর দুদিন পর জোবায়েরের চাচাতো ভাই মোহাম্মদ আলী ‘নিখোঁজ’ রয়েছে উল্লেখ করে থানায় জিডি করেন তাঁর স্ত্রী শাহিদা আক্তার।