নিহত তিন বিদেশির লাশ হিমঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ইউক্রেনের তিন নাগরিকের লাশ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
গত বুধবার সকালে কক্সবাজার থেকে চিংড়ির পোনা নিয়ে যশোর যাওয়ার সময় ট্রু এভিয়েশনের একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট মুরাদ গাফরভ, কো-পাইলট ইভান প্যাট্রট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ আন্দ্রে গুফারেড নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত বিমানের ফ্লাইট নেভিগেটর ব্লভিমার কুলতোনভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই ইউক্রেনের নাগরিক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহত তিনজনের ময়নাতদন্ত শেষ হয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত লাশ গ্রহণের জন্য কেউ না আসায় সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী জানান, নিহত ব্যক্তিদের মাথা, মুখমণ্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ট্রু এভিয়েশনের ব্যবস্থাপক হাসমত জাহান জানান, লাশ গ্রহণের জন্য নিহত তিন ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা না আসা পর্যন্ত লাশগুলো হাসপাতালের হিমঘরে থাকবে।