বগুড়ার শেরপুর উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। তাঁর নাম রাইসুল ইসলাম খান। বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে।
পুলিশে দাবি, নিহত রাইসুল চট্টগ্রামের বহুল আলোচিত ন্যাংটা পীর হত্যাকাণ্ড এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীকে গ্রেনেড মেরে টাকা ছিনতাইয়ের মূল হোতা ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। একই সঙ্গে তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান ছিলেন। তিনি জেএমবিতে ‘বোমা কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন।
গত ৩ এপ্রিল রাতে পাশের শেরপুর উপজেলার জোয়ানপুর গ্রামে জঙ্গি আস্তানায় গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত হন। পরে ঘটনার দুদিন পর একজনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তাঁর নাম তরিকুল ইসলাম। তিনি বাংলা ভাইয়ের সহযোগী বলে দাবি পুলিশের। আর অন্যজনের পরিচয় আজ সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়।
পুলিশ বলছে, কয়েক বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র-গুলি ও সেনাবাহিনীর র্যাঙ্ক ব্যাজ উদ্ধারের পর থেকেই আত্মগোপনে ছিলেন রাইসুল। সে অবস্থাতেই বগুড়ার শাজাহানপুরে বিয়ে করে সেখানেই থাকতে শুরু করেন।
আজ রোববার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, কুঠিরভিটা গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে গ্রেনেড তৈরির আস্তানা গড়ে তুলেছিল জঙ্গিরা। ৩ এপ্রিল রাতে সেখানে গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে অজ্ঞাতনামা দুই জঙ্গি নিহত হয়। দুদিন পর একজনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়। ওই জঙ্গির নাম তরিকুল ইসলাম। তিনি সিরাজগঞ্জের জামুয়া গ্রামের বাসিন্দা। তরিকুল জেএমবির অপারেশনাল ইউনিটের সদস্য ছিলেন এবং ২০০৫ সালে সিরাজগঞ্জে আদালতে বোমা হামলা ও ২০০৩ সালে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম আস্তনায়ে চিশতিয়া পীরের আস্তানায় খাদেমসহ পাঁচ ভক্তকে জবাই করে হত্যা মামলার আসামি ছিলেন। তিন বছর কারাভোগের পর সিরাজগঞ্জের মামলায় খালাস পাওয়ার পর থেকেই তরিকুল নিরুদ্দেশ ছিলেন। সিরাজগঞ্জ থেকে পরিবারের সদস্যদের আটক করে লাশ দেখানোর পর তরিকুলের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়েছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আরও বলেন, তরিকুলের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও সহযোগীর পরিচয় না মেলায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। কিন্তু তাঁর পরিচয় উদ্ধারে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার তিন দিন পর গত শুক্রবার রাতে পুলিশ বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রাম থেকে রাইসুলের স্ত্রীকে আটক করে। এরপর রাইসুলের ছবি দেখালে তাঁর স্ত্রী পরিচয় নিশ্চিত করেন।
ঘটনার পরদিন ৪ এপ্রিল বাড়িটিতে অভিযান চালিয়ে হাতে তৈরি ২০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা করা হয়।