নিহত ব্যক্তির স্ত্রীর মামলা না নেওয়ায় আদালতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীর করা অভিযোগটি আদালতের নির্দেশের পরও পুলিশ এজাহার হিসেবে নেয়নি। নিহত মোহাম্মদ আলীর স্ত্রী রুমি আক্তার গতকাল বৃহস্পতিবার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে করা এক আবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। আবেদনের বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।
১ ফেব্রুয়ারি দুপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা নিয়ে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের প্রকল্প এলাকায় সভা ডাকা হয়। সভা শুরু হওয়ার আগে সংঘর্ষে আহত হন অটোরিকশাচালক মোহাম্মদ আলী। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত আলীর স্ত্রী রুমি আক্তার গতকাল সন্ধ্যায় বলেন, বাঁশখালী থানার পুলিশ মামলা না নেওয়ায় ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন তিনি। এজাহারে মোহাম্মদ লেয়াকত আলীসহ (বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা বসতভিটা ও গোরস্থান রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়কারী) ২৯ জনকে আসামি করেন। আদালত বাঁশখালীর ওসিকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন। কিন্তু ১৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি।
বাদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী জানান, আবেদনে আদালত অবমাননার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর রাতে জানান, এ বিষয়ে আদালতে রোববার আদেশ দিতে পারেন।
জানতে চাইলে বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তাই আরেকটি মামলা নেওয়া হয়নি। বিষয়টি আদালতকে জানানো হয়েছে।