নির্বাচনী সহিংসতায় নিহত মিশান মুন্সী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। কাঁচা তরকারির ব্যবসা করে যা উপার্জন করতেন, তা দিয়ে চলত মা, বাবা ও পাঁচ ভাইবোন নিয়ে সাতজনের সংসার। গতকাল শুক্রবার তাঁর লাশ বাড়িতে আনার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন, মাতম করেন।
গত বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে তেলকাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে মিশান (২২) নিহত হন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিমায়েত হোসেনের সমর্থক ছিলেন। বাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে।
নড়াইল সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁর লাশ বাড়িতে আনা হয়। মিশানদের বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। তাঁর বৃদ্ধ মা, বাবা ও ভাইবোনেরা আর্তনাদ করছেন। মা তাসলিমা বেগম বিলাপ করে বলছিলেন, ‘আমি বাঁচে থাকলাম, আর আমার সামনে থেকে আমার কলিজার ধন চলে গেল। আমার বাবারে আনে দেও। আমি এই শোক সহ্য করব কেমনে?’ তিনি প্রথম আলোকে বলেন, ‘মিশান সৌদি আরব যাবে বলে পাসপোর্ট করেছিল। সে বলত, বিদেশে গিয়ে আয়রোজগার করে বাড়িতে দালান দেবে। আর আমাদের ভাঙা ঘর থাকবে না।’
মিশানরা চার ভাই, চার বোন। তিন বোনের বিয়ে হয়েছে। মিশান মেজো। বড় ভাই স্নাতকের ছাত্র, সেজো ভাই উচ্চমাধ্যমিক, ছোট বোন নবম শ্রেণি ও ছোট ভাই পঞ্চম শ্রেণির ছাত্র।
বড় ভাই ইমরান কেঁদে কেঁদে বলেন, ‘আমরা পরপর তিন ভাই ছিলাম বন্ধুর মতো। সে (মিশান) পড়াশোনা বাদ দিয়ে সংসারের দায়িত্ব নিয়েও সব সময় আনন্দে থাকত। প্রায়ই বলত, আমার ভাইদের আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করব।’