নিহত যুবক জেএমবির সদস্য ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম তুহিন ওরফে আরিফ (২৮)। পুলিশ বলছে, তিনি জেএমবির সক্রিয় সদস্য।
নিহত তুহিন বগুড়া জেলার গাবতলী উপজেলার চরসরজাত গ্রামের আবদুল বাসেদের ছেলে। গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গত বুধবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে মালঞ্চা গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গোপন বৈঠক করছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে থানা-পুলিশের একটি দল সেখানে গেলে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথমে তুহিনের নাম-পরিচয় জানা যাচ্ছিল না। পরে স্বজনেরা লাশ দেখে তাঁকে শনাক্ত করেন। তবে এখন পর্যন্ত তুহিনের লাশ নিতে কেউ আবেদন করেননি। গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে তাঁর লাশ রাখা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘তিন বছর ধরে তুহিন জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন। একাধিক নাশকতা ও হত্যা মামলার আসামি তিনি। জেএমবির সদস্যদের ছোড়া গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় থানার উপপরিদর্শক নওশাদসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।’
এ ঘটনায় গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাহবুব হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে সাত-আটজন অজ্ঞাত জেএমবি সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল গফুর বলেন, ‘তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’