নিহত যুবকের পরিচয় মিলেছে, সহযোগী 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদে গত ডিসেম্বরে বোমা বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় মিলেছে। পুলিশ বলছে, নিহত যুবকের নাম তারেক আজিজ (২২)। হামলার উদ্দেশ্যে তিনি বোমা বহন করছিলেন। এদিকে আটক হওয়ার পর তাঁর এক সহযোগী গত সোমবার দিবাগত রাতে রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর গ্রামের তাজবুল হকের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ বলেন, গত ২৫ ডিসেম্বর বোমা বিস্ফোরণে নিহত যুবক তারেক আজিজ চাঁপাইনবাবগঞ্জের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। বাড়ি শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামে। তাঁর বাবা আবু সালেক (৫৫) সাবেক সেনাসদস্য।
পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ী থানার বাবুডাইং এলাকা থেকে জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামালই প্রকাশ করেন তারেকের পরিচয়। জামাল জানান, বাগমারার মসজিদে বোমা হামলার সময় তিনি, তারেক ও আরেক যুবক ছিলেন। তারেক নিজে বোমা বহন করছিলেন। মসজিদে হামলাই মূল লক্ষ্য ছিল। কিন্তু হামলার আগেই বোমা বিস্ফোরণে তারেক মারা যান।
পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর জামালকে নিয়ে তারেকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জামালকে নিয়ে অপর সহযোগীকে ধরার জন্য গোদাগাড়ীর ফরাদপুরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামালের সহযোগীরা তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সুযোগে জামাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর মাথায় ও বুকে গুলি লাগে। তাঁর সহযোগীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রামদা, পাঁচটি ককটেল ও দুটি গুলি উদ্ধার করে। আহত অবস্থায় জামালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ বলেন, তারেকের বাসায় অভিযান চালিয়ে দেখা যায়, তাঁর বাবা আবু সালেক জামায়াতের সদস্য। তিনি পলাতক রয়েছেন। বাসা থেকে বাবা ও ছেলের পাসপোর্ট এবং জামায়াতের সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে। পাসপোর্টের তথ্য অনুযায়ী ২০১৩ সালে তারেক ও তাঁর বাবা ভারতে গিয়েছিলেন।
পুলিশ সোমবার রাতে অভিযানের সময় তারেকের সৎমা তাসলিমা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল গোদাগাড়ী থানায় তাসলিমা প্রথম আলোকে বলেন, তারেক যে মারা গেছেন তা পরিবারের সদস্যরা জানতেন না। তারেকের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। প্রতি সপ্তাহে একবার করে রাজশাহীতে ডায়ালাইসিস করাতে হতো। সে জন্য রাজশাহী নগরের বন্ধগেট এলাকার একটি মেসে তাঁকে রাখা হয়েছিল। প্রায় ছয় মাস ধরে তারেক নিখোঁজ ছিলেন। পুলিশ রাতে বাড়ি থেকে তাঁকে দুই শিশুসন্তানসহ ধরে নিয়ে এসেছে।
তবে ওসি আবু ফরহাদ প্রথম আলোকে বলেন, তাসলিমা পুলিশের কাছে স্বীকার করেছেন যে ছেলে মারা যাওয়ার খবর তাঁরা জানেন। কিন্তু এলাকার লোকজন জেনে ফেলবে এই ভয়ে প্রকাশ করেননি।
তবে তারেকের সহযোগী জামাল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় উদ্বেগও প্রকাশ করেছেন বাগমারার আহমদিয়া সম্প্রদায়ের লোকজন। নিহত যুবকের সহযোগী বেঁচে থাকলে বিস্ফোরণের রহস্য উদ্ধার ও এই ঘটনার সঙ্গে স্থানীয় কারা জড়িত ছিলেন, তা জানা সম্ভব হতো বলে স্থানীয় লোকজন মন্তব্য করেন।
গত বছরের ২৫ ডিসেম্বর জুমার নামাজের সময় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ওই মসজিদে বিস্ফোরণে বোমা বহনকারী যুবক নিহত হন। এ ছাড়া আটজন মুসল্লি আহত হন। বোমার বিস্ফোরণ ঘটানোর পর মসজিদের পাশের রাস্তায় থাকা অজ্ঞাত দুই যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন।