নিহত শিশুর সাইকেল উদ্ধার, দুজন আটক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিহত স্কুলছাত্র আবদুল্লাহ আল আরাফাতের বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার নান্দাইল চৌরাস্তা এলাকার একটি দোকানে সাইকেলটি পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
তেলিয়াপাড়া গ্রামের আসবাবপত্র ব্যবসায়ী মো. ফয়সল আহমেদের ছেলে আবদুল্লাহ আল আরাফাত (১০) গত ২২ এপ্রিল কিছু টাকা ও সাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। পরদিন যুগের হাওর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু তখন তার সঙ্গে থাকা সাইকেলটি পাওয়া যায়নি।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল পিবিআইর পরিদর্শক মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম নান্দাইল চৌরাস্তার একটি দোকান থেকে সাইকেলটি উদ্ধার করেন। ফয়সল আহমেদের দোকানের কর্মচারী ইয়াছিন মিয়া (১৭) সাইকেলটি শনাক্ত করে। এ ঘটনায় পুলিশ মিশ্রিপুর গ্রামের মো. শহীদুল ইসলাম (৩৫) ও অলিউল্লাকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
দোকানটির মালিক ও মিশ্রিপুর গ্রামের মো. শহীদুল ইসলাম বলেন, তিনি সাইকেলটি এক কিশোরের কাছ থেকে দেড় হাজার টাকায় কিনেছেন। তিনি ওই কিশোরের পরিচয় জানেন না। পরে একই গ্রামের অলিউল্লার কাছে সাইকেলটি তিনি ২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
অলিউল্লা বলেন, তিনি সাইকেলটি কেনার পর শহীদুলের দোকানেই রেখেছিলেন। এখনো বাড়িতে নেননি।