নিহত ১, ওসিসহ আহত ২০ ঘরে আগুন ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও ওসিসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১৩টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয় এবং সাতটি ঘর ভাঙচুর করা হয়।

নিহত ব্যক্তি হলেন এক পক্ষের নেতা মফিজুল ইসলাম (৫৫)। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই সামছু মিয়ার তিন বছর ধরে বসতভিটা ও পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস হয়। সালিসেও বিষয়টি মিটমাট হয়নি।

এর জের ধরে গত ২৮ ডিসেম্বর মফিজুল ইসলামের অনুসারী আবু তাহেরকে মারধর করেন সামছু মিয়ার লোকজন। এ ঘটনার জেরে মফিজুলের লোকেরা ওই দিন সামছু মিয়ার বাড়ি ভাঙচুর করেন। এ নিয়ে উভয় পক্ষ ব্রাহ্মণপাড়া থানায় দুটি মামলা দায়ের করেন। গতকাল সকাল আটটায় মফিজুলের লোকজন জড়ো হয়ে সামছু মিয়ার অনুসারী অহিদুর রহমানের বাড়িতে দা, ছেনি, টেঁটা, শাবল, হাতুড়ি ও কাঠের গুঁড়ি নিয়ে হামলা চালান। একপর্যায়ে তাঁরা বোতলে রাখা কেরোসিন ঢেলে দিয়ে অহিদুর রহমানের বাড়ির তিনটি ঘরে আগুন ধরিয়ে দেন। এতে সবকিছু পুড়ে যায়। একই সঙ্গে তাঁদের অনুসারী কনু মিয়া ও শহীদুর রহমানের বাড়ির রান্নাঘরে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম শাহজাহান কবির ঘটনাস্থলে যান। এ সময় ওসি সংঘর্ষ থামাতে গেলে লাঠির আঘাতে আহত হন। একপর্যায়ে কুমিল্লা, বুড়িচং, মুরাদনগর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখন পুলিশ শটগানের ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল ঘটনাস্থলে যান। তাঁরা এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন।

এ সময় আহত হন সামছু মিয়ার পক্ষের অহিদুর রহমান (৫২), মো. মোস্তফা (২৩), আবদুল খালেক (৬৫), মোশারফ হোসেন (২৫), মো. শুভ (১৯), রেয়াছত আলী (৪৫), মো. হাসান (২২), আবুল কালাম আজাদ (১৮), মফিজুর রহমান (৫০), জজু মিয়াসহ (৬০) অন্তত ২০ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অহিদুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 এদিকে বেলা সাড়ে ১১টায় সংঘর্ষের দৃশ্য দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হন এক পক্ষের নেতা মফিজুল ইসলাম। এ সময় স্বজনেরা দ্রুত তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সা কর্মকর্তা সোহেল রানা ও আবদুল মবিন তাঁকে মৃত ঘোষণা করেন। মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

এ বিষয়ে মুঠোফোনে এক পক্ষের নেতা সামছু মিয়া অভিযোগ করেন, মফিজুল ইসলামের লোকজনই তাঁর পক্ষের অহিদুল ইসলামের বাড়িতে আগে হামলা চালিয়েছেন। এ বিষয়ে চেষ্টা করেও মফিজুলের পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় শিদলাই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিরুদ্দিন বলেন, মফিজুল সংঘর্ষ চলাকালে মাথায় ইটের আঘাত পেয়ে মারা গেছেন।

 তবে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এ এম শাহজাহান কবির বলেন, ‘চিকিত্সকেরা জানিয়েছেন, মফিজুলের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।