নিহত ৩২ জনের অধিকাংশ নিরীহ, ঘটনার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত নিহত ৩২ জনের বেশির ভাগই নিরীহ ও সাধারণ গ্রামবাসী। গোলাগুলির মধ্যে পড়ে বা পরিস্থিতির শিকার হয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। আইনজ্ঞরা বলছেন, এ ধরনের মৃত্যুর ক্ষেত্রে বিচার হওয়ার সম্ভাবনাও কম থাকে।
নিহতদের পেশা ও পরিচয় পর্যালোচনা করে দেখা গেছে, দু-একজন ছাড়া অন্যরা সংঘর্ষ, মারামারি বা সহিংসতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। নিহতদের মধ্যে বৃদ্ধ, নারী ও শিশু রয়েছেন।
২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় ১১ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ। পাঁচ বছর আগের ওই নির্বাচন শেষে দলীয় কোন্দল ও প্রতিপক্ষের হামলায় সারা দেশে নিহত হয়েছিল চারজন। এবার তফসিল ঘোষণার পর দুই ধাপের নির্বাচনেই ৩২ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা দুই সহস্রাধিক। এখনো চার ধাপের নির্বাচন বাকি।
দিনমজুর, জেলে ও ফেরিওয়ালার মৃত্যু: চট্টগ্রামের সন্দ্বীপে নিহত দুজনের একজন মোহাম্মদ ইব্রাহিম দিনমজুর এবং মোহাম্মদ সানাউল্লাহ দোকান কর্মচারী। যশোরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের বোমা হামলার মধ্যে পড়ে নিহত আবদুস সাত্তার ফেরিওয়ালা। জামালপুরের মেলান্দহে সংঘর্ষের মধ্যে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এক তরুণ। দুই ইউপি সদস্যের বিরোধে পড়ে ভোলা সদরে ১০ মার্চ মারা যান দিনমজুর সিরাজুল ইসলাম।
২২ মার্চের নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের টেকনাফে নিহত তিনজনের মধ্যে দুজন শ্রমজীবী ও জেলে। নিহত অপরজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর হোসেনের ভাই আবদুল গফুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মনির নিরীহ শ্রমজীবী। পৃথক ঘটনায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পড়ে মারা যান জেলে শফিক আলম।
প্রাণ গেল দুই নারীর: সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে পদদলিত হয়ে মারা যান নওনাই বেগম (৬০)। ২২ মার্চের ওই নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী নবাব আলীর মা তিনি।
৩১ মার্চ মানিকগঞ্জের দৌলতপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পড়ে মারা গেছেন নমেছা বেগম (৫০)। দুই নারীর কেউই কোনো পক্ষের হয়ে সংঘর্ষে জড়াননি। কিন্তু তাঁদের প্রাণ দিতে হয়েছে।
রক্ষা পায়নি শিশু ও বিশ্ববিদ্যালয় ছাত্র: মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিহত হয়েছে শিশু শুভ কাজী। ঢাকার অদূরে কেরানীগঞ্জে গত বৃহস্পতিবার এই নৃশংস ঘটনা ঘটে। শুভ স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের তাণ্ডব ও সন্ত্রাসীদের গোলাগুলির মধ্যে পড়ে মারা যায় শিশুটি। তার বাবা হালিম কাজী অটোরিকশাচালক।
মাদারীপুরে দুই ইউপি সদস্যের সমর্থকদের বিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ছাত্র সুজন মৃধা মারা গেছেন। রাজনৈতিক কর্মী না পুলিশের গুলিতে তিনি মারা গেছেন, সেই জট এখনো খোলেনি।
বেশির ভাগ সংঘর্ষ আ.লীগের বিদ্রোহীর সঙ্গে: হতাহতের ঘটনা যেসব এলাকায় হয়েছে সেগুলোর বেশির ভাগই হয়েছে সরকারি দল আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সঙ্গে। এ ছাড়া ইউপি সদস্য প্রার্থীদের মধ্যেও সংঘর্ষ হয়েছে। তবে সবচেয়ে কম সংঘর্ষ হয়েছে বিএনপির প্রার্থীদের সঙ্গে।
হত্যাকাণ্ডের ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায়, ৩০টি হত্যার মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে পাঁচটি।
বগুড়ার শিবগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মণ্ডলের ভাগ্নে মাহতাব আলী (৫১) ২২ মার্চ নিহত হন। একই দিন সারিয়াকান্দিতে বিএনপি সমর্থকের লাঠির আঘাতে আহতে হয়ে ২৩ মার্চ মারা যান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জোবেদ আলী ভূঁইয়া।
নৌকা ও ধানের শীর্ষের সমর্থক প্রার্থীদের সংঘর্ষে গত বৃহস্পতিবার নিহত হন বিএনপি-সমর্থক জিয়াউর রহমান বিপ্লব (৪২)। তিনি পেশায় রাজমিস্ত্রি।
এ ছাড়া পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে একজন আওয়ামী লীগ কর্মী মারা যান। পিরোজপুরের নাজিরপুরে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্থানীয় ছাত্রদল নেতা শামসুল হক (২৮)।
তবে বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ হত্যাকাণ্ড হয়েছে সরকারি দলের স্থানীয় পর্যায়ে নিজেদের কোন্দলে। পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হুমায়ুন মল্লিক (৬০) মারা যান। বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মারা যান সমীর চারু নামে একজন। যশোরের মনিরামপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলী ১৬ মার্চ মারা যান।
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আটজন: আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে আটজন। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২২ মার্চ নির্বাচনের দিন নিহত হন পাঁচজন। নিহতদের মধ্যে সোহেল মাতব্বর ও শাহাদত হোসেন ঢাকায় বেসরকারি চাকরি করতেন, গ্রামে গিয়েছিলেন ভোট দিতে। সোলায়মান খুলনার হাজী মুহসীন কলেজের ছাত্র ছিলেন। আর কামরুল মৃধা ছিলেন অটোরিকশাচালক ও বেলাল ছিলেন দিনমজুর। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে বেলাল, সোহেল ও সোলায়মানের পরিবার সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাকি দুজনও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক। এ ছাড়া টেকনাফ ও খালিয়াজুরিতে দুজন মারা যান আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে।
প্রার্থীদের তিন ভাই খুন: দুই দফা নির্বাচনে পৃথক ঘটনায় প্রার্থীদের তিন ভাই নিহত হয়েছেন। ঝালকাঠি সদরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন প্রার্থী চুন্নু সিকদারের ভাই কাশেম সিকদার নিহত হন। নেত্রকোনার খালিয়াজুরীতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইছহাকের ছোট ভাই গোলাম আবু কাউসার নিহত হন। এ ছাড়া টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আব্দুল গফুর আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ভাই। বান্দরবানের রুমায় মারা গেছেন চেয়ারম্যান প্রার্থী শান্তিহা ত্রিপুরা।