নিহতদের মধ্যে বাংলাদেশিও আছেন
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ২০ জনের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল রাশিদুল হাসান আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তবে নিহত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
অবশ্য এর আগে দুপুরে সেনা সদর দপ্তরে আইএসপিআরের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেছিলেন, নিহত ২০ জনের সবাই বিদেশি নাগরিক। এর মধ্যে পাঁচজন নারী ছিলেন।
গতকাল শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ দেশি-বিদেশি নাগরিক, ছয় সন্ত্রাসী, দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।