রংপুর নগরের জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকা হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষ থেকে নিহতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে। নিহত আয়শার মা শবনম বেগম বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের কোনো ভূমিকা নেই। এর ফলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে করে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী বলেন, রাতের বেলা সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে স্কুলপড়ুয়া মেয়েকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা করার পরও প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে না। উপরন্তু নিহত কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাত ১১টার দিকে নগরের দেওডোবা গ্রামে আবেদ আলীর সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে আয়শা সিদ্দিকাকে (১৩) দুর্বৃত্তরা ঘরে ঢুকে নির্যাতন চালিয়ে হত্যা করে।