নিহতের বিরুদ্ধেই র্যাবের মামলা
গাজীপুরে হাসপাতালে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ রেখে যাওয়ার কয়েক ঘণ্টা পর র্যাব নিহত যুবকের বিরুদ্ধেই মামলা করেছে। জয়দেবপুর থানায় গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মামলাটি করা হয়।
এদিকে গতকাল রাত নয়টা পর্যন্ত নিহত যুবকের পরিচয় মেলেনি। লাশের ময়নাতদন্তও হয়নি।
থানার পুলিশ সূত্রের ভাষ্য, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করে র্যাব। পরে লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায় তারা। সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় জনতার পিটুনিতে ওই যুবক মারা গেছেন উল্লেখ করে গতকাল সকালে র্যাব-১-এর ডিএডি অপূর্ব কুমার চক্রবর্তী জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
এজাহারে বলা হয়, বুধবার সন্ধ্যায় র্যাবের সদস্যরা চান্দনা-চৌরাস্তা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় এক যুবককে ধরে জনতা মারধর করতে থাকলে র্যাব সদস্যরা এগিয়ে যান। র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের ধারণা, নিহত যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী বলেন, নিহত যুবকসহ তিন ব্যক্তি বুধবার সন্ধ্যা ছয়টার দিকে একটি হোটেলে নাশতা করছিলেন। তাঁরা বের হওয়ার সময় সাদা পোশাকের ওপর ‘র্যাব’ লেখা জ্যাকেট পরা কয়েকজন লোক হোটেলে ঢুকে তাঁদের মারধর শুরু করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও র্যাবের জ্যাকেট পরা ব্যক্তিরা একজনকে ধরে মারধর করেন। এর কিছুক্ষণ পরই র্যাবের একটি দল এসে গুরুতর আহত ওই যুবককে গাড়িতে তুলে নিয়ে যায়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান র্যাবের মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।