টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রাজ্জাক হত্যা মামলার আসামিদের ঘটনার ১৮ দিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিদের স্বজনেরা রাজ্জাকের স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে গত বুধবার আদালতে মামলা করেছেন।
রাজ্জাক হত্যা মামলার ১ ও ৩ নম্বর আসামির মা ও ২ নম্বর আসামির স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে মামলা করেন। আদালত অভিযোগ তদন্তের জন্য সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের দায়িত্ব দিয়েছেন। ওই মামলায় নয়জনকে আসামি করা হয়েছে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গত বৃহস্পতিবার রাতে সখীপুর বণিক সমিতি কার্যালয়ে সভা করে ওই সাজানো ও হয়রানি মামলার বিষয়ে ক্ষোভ ও ব্যবসায়ী রাজ্জাক হত্যার আসামিদের গ্রেপ্তারে পুলিশের রহস্যজনক ভূমিকার নিন্দা জানান।
পুলিশ ও নিহত রাজ্জাকের স্বজনেরা জানান, গত ১৪ জুলাই দিনদুপুরে সখীপুর ফাহিম সুপার মার্কেটের দোতলায় ব্যবসায়ী আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের মালিক আশরাফ পাহাড়ির উপস্থিতিতে তাঁর ছেলে রুবেল দলবল নিয়ে তাঁকে হত্যা করেন। খুনের পর পুলিশের ভয়ে আশরাফ পাহাড়ির পরিবারের লোকজন ঘর ছেড়ে পালিয়ে গেছেন। ঘটনার ১৪ দিন পর আদালতে রাজ্জাক হত্যার প্রধান আসামি রুবেলের মা রাহেলা বেগম রাজ্জাকের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।নিহত রাজ্জাকের মা রাজিয়া আক্তার বলেন, দুই সপ্তাহ পার হলেও পুলিশ এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। অথচ খুনিরা হয়রানিমূলক মিথ্যা মামলা করেছেন।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘ওই মামলার কোনো কপি আমার কাছে এখনো পৌঁছায়নি।’ তবে রাজ্জাকের খুনিদের গ্রেপ্তারে পুলিশ অলসতা করছে না বলে দাবি করেন তিনি।