ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের কাটাখালী মাছঘাটে বাগদা চিংড়ির রেণুর অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে দ্বন্দ্ব চলছে। গত শুক্রবার সন্ধ্যায় এক পক্ষের লোকজন অন্য পক্ষের একজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে।
কাটাখালী মাছঘাটের লোকজন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন ঐক্য পরিষদের চাচড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. খোকন। নুরুন্নবী চৌধুরী ভোলা-৩ আসনের সাংসদ। আর তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৎস্য ব্যবসায়ী হারুন অর রশিদ ওরফে হারুন দালালের ছেলে ফিরোজ আহমেদ আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী। দুজনেই কাটাখালী মাছঘাটে বাগদা রেণুর ব্যবসা করেন। কয়েক বছর ধরে এ দুই পক্ষের মধ্যে রেণু কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছে। সুযোগ পেলেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। চলতি মৌসুমেও তারা একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। এদের যোগসাজশে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জেলেরা নদীতে জাল ফেলছেন।
চাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মাস্টারসহ স্থানীয় কয়েক ব্যক্তি জানান, শুক্রবার সন্ধ্যায় ফিরোজ ও তাঁর লোকজন খোকনকে ডেকে নিয়ে প্রকাশ্যে হাত-পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ফিরোজ এলাকায় মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন খোকন ও তাঁর স্বজনেরা জানান, রেণু ব্যবসাকে কেন্দ্র করে ফিরোজ তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় তাঁকে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে পিটিয়ে টাকা, মুঠোফোন ও সোনার চেইন নিয়ে গেছে ফিরোজের লোকজন। আট-দশ দিন আগে তাঁর বড় ভাই জামাল উদ্দিনকেও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় তাঁরা মামলা করবেন বলে জানিয়েছেন।
ফিরোজের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি। তাঁর বাবা হারুন অর রশিদ জানান, এ বছর বাগদার মৌসুম শুরু হলে খোকন চলতি মাসের প্রথম দিকে ফিরোজের ১৫টি ডেক (রেণু রাখার পাত্র) তুলে নিয়ে যান। এ ঘটনায় ফিরোজ তজুমদ্দিন থানায় মামলা করেন। থানার পুলিশ ঘটনা তদন্ত করতে কাটাখালীতে এলে পুলিশের সামনেই খোকন ও তাঁর লোকজন ফিরোজকে মারধর করে। সেই ঘটনার জের থেকে ফিরোজের লোকজন খোকনকে মারধর করেছে। তবে মারামারির সময় ফিরোজ সেখানে ছিলেন না।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মারামারির ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক প্রথম আলোকে জানান, চিংড়ির রেণুর ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। মেঘনা-তেঁতুলিয়া সাগর মোহনায় মার্চ ও এপ্রিল মাসে জাল ফেলা নিষিদ্ধ। আর চিংড়ির রেণু শিকার সারা বছরই নিষিদ্ধ। রেণুর শিকার বন্ধে কোস্টগার্ড ও প্রশাসন অভিযান চালাচ্ছে।