নিয়ম না মেনে জমি ইজারা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানের বিরুদ্ধে নিয়ম না মেনে একটি দোকানের জায়গা ইজারা নেওয়ার এবং জোর করে ওই জায়গা থেকে আগের ইজারাদার নবকুমার চক্রবর্তীকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।
গত রোববার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহরের ব্যবসায়ী নবকুমার এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বাবা রামপদ চক্রবর্তী ১৯৮০ সাল থেকে পাঁচআনি বাজারে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত ৬০০ বর্গফুট জায়গা জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। বাবা মারা যাওয়ার পর তিনি নিজের নামে ইজারা নবায়ন করেন। ১৯ এপ্রিল বেআইনিভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত ফজলুর রহমান খানের নামে ওই জমি ইজারা দেন।
ফজলুর রহমান খান প্রথম আলোকে বলেন, বিধি মেনেই তিনি এ জায়গার ইজারা নিয়েছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। নবকুমার চক্রবর্তীকে উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, তিনি কাউকে জোর করে ওই জায়গা থেকে উচ্ছেদ করেননি। ইজারা পাওয়ার পর ব্যবসায়ী সমিতির কাছে জায়গা বুঝিয়ে দেওয়ার আবেদন করলে তাঁরা তাঁকে তা বুঝিয়ে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানা প্রথম আলোকে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে নবকুমার চক্রবর্তীর ইজারা বাতিল এবং ফজলুর রহমান খানের নামে ইজারা দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
ইজারা প্রদানের বিরুদ্ধে নবকুমার ৪ মে টাঙ্গাইলের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেছেন। আদালত টাঙ্গাইলের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফজলুর রহমান খানকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবকুমার চক্রবর্তী অভিযোগ করেন, ফজলুর রহমান খান আদালতের কারণ দর্শানো নোটিশ পাওয়ার পরও জবাব দেননি। ৭ মে সকালে ফজলুর রহমান খানের লোকজন তাঁকে দোকান থেকে বের করে মেরে ফেলার হুমকি দেয়। তারা দোকানের মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানটি ভেঙে ফেলে। তিনি তাঁর রোজগারের একমাত্র অবলম্বন দোকানটি ফেরত পাওয়ার জন্য সরকারে উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন।