নিয়ম ভেঙে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনে দাঁড়ানো ব্যক্তিমালিকান​াধীন দুটি অ্যাম্বুলেন্স। একটিতে বিপজ্জনকভাবে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনে দাঁড়ানো ব্যক্তিমালিকান​াধীন দুটি অ্যাম্বুলেন্স। একটিতে বিপজ্জনকভাবে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নিয়ম ভেঙে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসা চলছেই। অ্যাম্বুলেন্সে রোগীর স্থায়ী শয্যা, অক্সিজেন সিলিন্ডার-মাস্ক, চিকিৎসক বসার ব্যবস্থা, স্ট্রেচার ও সাইরেন থাকার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর চারটি সরকারি হাসপাতাল ঘুরে এই চিত্র পাওয়া গেছে। এসব হাসপাতালে ৪০টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৫টিই ব্যক্তিমালিকানায় পরিচালিত। মাইক্রোবাসের পাশাপাশি প্রাইভেট কার ও পিকআপ থেকে অ্যাম্বুলেন্স বানিয়ে ব্যক্তিমালিকানায় ব্যবহার করা হচ্ছে।
গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকে একটি অ্যাম্বুলেন্সের চাপায় রোগীসহ পাঁচজনের মৃত্যুর পর বেআইনি অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়টি সামনে আসে। অ্যাম্বুলেন্সটির মালিক মাহফুজুর রহমান হাসপাতালটির মেডিসিন বিভাগের ওয়ার্ডবয়।
অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত গত এক মাসে নিয়ম ভঙ্গের দায়ে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত ঘোষণা করে পুলিশের কাছে পাঠিয়েছেন। মামলা হয়েছে শতাধিক। আদালত বিভিন্ন মেয়াদে ৬১ জনকে কারাদণ্ড দিয়েছেন।
এরই মধ্যে গতকাল ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি সংবাদ সম্মেলন করে হুমকি দিয়ে বলেছে, মামলা ও চালকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ না হলে আগামী বছরের ১ জানুয়ারি সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটে যাবে তারা।
নিয়ম না মেনে অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়ে বিআরটিএর প্রধান কার্যালয়ের পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, নিয়ম ভঙ্গকারী অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জোরালো অভিযান শুরু করেছেন। তিনি বলেন, গত ১৯ অক্টোবর প্রথম আলোতে বেআইনি অ্যাম্বুলেন্সের ব্যবসা নিয়ে প্রতিবেদন ছাপা হলে বিষয়টি তাঁদের নজরে আসে। এর কয়েক দিন পর তাঁদের চারটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন। দেখা গেছে, অ্যাম্বুলেন্স লেখা গাড়িতে রোগী না নিয়ে যাত্রী বহন করা হচ্ছে। অ্যাম্বুলেন্স চালাতে হলে রোগী শোয়ার স্থায়ী শয্যা (পর্যাপ্ত), অক্সিজেন সিলিন্ডার-মাস্ক, চিকিৎসক বসার ব্যবস্থা, স্ট্রেচার ও সাইরেন বসাতে হবে। এগুলো অ্যাম্বুলেন্সের মালিক ও চালকেরা মানছেন না।
বিআরটিএর মিরপুর কার্যালয়ের রেজিস্ট্রেশন বিভাগের সহকারী পরিচালক মো. সানাউল হক বলেন, ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স চালানোর নিয়ম নেই বা ব্যক্তির নামেও লাইসেন্স দেওয়া হয় না। বিআরটিএ সেবাধর্মী প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেয়।
তবে অভিযোগ রয়েছে, বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে অনেকে এ নিয়ম ভেঙে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নিয়ে ব্যবসা করে যাচ্ছেন।
অবশ্য বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মো. নুরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন।
গতকাল ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মো. মোমিন আলী জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশে সাড়ে ছয় হাজার অ্যাম্বুলেন্স আছে। এর বেশির ভাগই ব্যক্তিমালিকানাধীন। আর তাঁদের সমিতিতে ৬০০ অ্যাম্বুলেসের মালিককে সদস্য করা হয়েছে। ট্রাফিক পুলিশ ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত শর্ত পূরণে ব্যর্থ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত ঘোষণা করে পুলিশের কাছে পাঠিয়েছেন। এটা তাঁরা মেনে নেবেন না। তিনি অ্যাম্বুলেন্স ব্যবসাকে সেবামূলক ব্যবসা উল্লেখ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ও এর চালকদের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানান।
গতকাল বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের দক্ষিণ ও পূর্ব কোণে ব্যক্তিমালিকানার ছয়টি অ্যাম্বুলেন্স রাখা আছে। একটির চালক আহাদ আলী প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সটির মালিক সচিবালয়ের গাড়িচালক।
জানা গেল, ঢাকা মেডিকেল প্রাঙ্গণে ব্যক্তিমালিকানার অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজনের প্রাণহানির পর লক্কড়ঝক্কড় অ্যাম্বুলেন্সগুলো আগের মতো রাস্তার দুই ধারে সারিবদ্ধ করে আর রাখা হয় না। গতকালও তা দেখা যায়নি।
বেলা পৌনে তিনটার দিকে মিটফোর্ড হাসপাতালসংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে অ্যাম্বুলেন্স লেখা গাড়িতে চালকের আসনে বসে ছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসিন্দা নুরুল আমিন। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরান মাইক্রোবাস কিনছি। টাকা নাই, তাই রেজিস্ট্রেশন করিনি। এই অ্যাম্বুলেন্সে কেরানীগঞ্জ থেকে রোগী মিটফোর্ডে নিয়ে আসি। অ্যাম্বুলেন্সে কী রাখতে হবে, এত জানার দরকার নেই।’
মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে দেখা গেল আরেকটি অ্যাম্বুলেন্স। নম্বরপ্লেটে লেখা ঢাকা মেট্রো ঠ ১১-২২৭৮। মালিককে খুঁজে পাওয়া গেল না। এই সিরিয়ালের নম্বর সম্পর্কে বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, ‘ঠ’ সিরিয়ালে পিকআপের রেজিস্ট্রেশন দেওয়া হয়। নিশ্চয়ই এটি কেটে মাইক্রোবাস করে অবৈধভাবে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশে আরেকটি অ্যাম্বুলেন্সের নম্বর ঢাকা মেট্রো গ ১৪-৯২৮৭। বিআরটিএ বলেছে, ‘গ’ সিরিয়ালে প্রাইভেট কারের রেজিস্ট্রেশন দেওয়া হয়।
হাসপাতালের কয়েকজন কর্মচারী জানালেন, এটা আবুল হাসানের গাড়ি। তিনি মিটফোর্ড হাসপাতালের কর্মচারী।
অ্যাম্বুলেন্স চালাতে যা থাকার তার কিছুই ওই গাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে আবুল হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর দিকে ১৫টি অ্যাম্বুলেন্স রাখা ছিল। জানা গেল, এগুলোর মালিক হাবুল মিয়া। এর বেশির ভাগেই অ্যাম্বুলেন্সের শর্ত মানা হয়নি। যোগাযোগ করা হলে হাবুল মিয়ার দুটি মুঠোফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। একইভাবে পঙ্গু হাসপাতালের ভেতর ও বাইরে রাখা হয়েছে ব্যক্তিমালিকানায় পরিচালিত ১০টি অ্যাম্বুলেন্স। এগুলোতেও শর্ত মানা হয়নি।
নাগরিক স্বাস্থ্য অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব। অ্যাম্বুলেন্স সেবায় নৈরাজ্যকর পরিস্থিতি বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, রোগী বহন ব্যবসা নয়, এটা সেবা। বর্তমানে অ্যাম্বুলেন্স ব্যবসা দুর্বৃত্তদের হাতে বন্দী হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন দেওয়ার আইনটি অনেক পুরোনো। এটা সংশোধন করা দরকার। তিনি বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারি হাসপাতাল বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া যেতে পারে। এর সমস্যার সমাধান সরকারকে বের করতে হবে।