নিয়ম ভেঙে ১০ পুকুর ইজারা
রাজশাহীর বাগমারা উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে ১০টি খাসপুকুর ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রথম দফায় প্রকৃত মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়া এবং একটি সমিতিকে সর্বোচ্চ তিনটি পুকুর দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি।
বাগমারা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল আহাদ অভিযোগ করেন, তিনি সমিতির নামে দরপত্র জমা দিলেও তাঁকে পুকুর দেওয়া হয়নি। অথচ নীতিমালা লঙ্ঘন করে মৎস্যজীবী নয় এমন সমিতিকে পুকুর দেওয়া হয়েছে।
উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত নোটিশ সূত্রে জানা যায়, সাইপাড়া, মরুগ্রাম, বুজরুককোলা ও কাচারীকোয়ালীপাড়া এলাকার ছয়টি খাসপুকুর দরিদ্র মহিলা সংস্থা, দরিদ্র মহিলা কল্যাণ সংস্থা, আদর্শ মহিলা সংস্থা, তক্তপাড়া বিত্তহীন সমবায় সমিতি, কাচারীকোয়ালীপাড়া সমবায় সমিতি ও আদর্শ মহিলা সংস্থার নামে ইজারা দেওয়া হয়েছে। অথচ প্রথম দফায় তাদের কাছে দরপত্র বিক্রির নিয়মই নেই।
নাম প্রকাশ না করার শর্তে চারজন মৎস্যজীবী জানান, অনিয়ম করে প্রভাবশালী ওই সব সংগঠনের নামে বড় বড় পুকুর ইজারা দেওয়া হয়েছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। পরবর্তী সময়ে ওই সব পুকুর ইজারায় বেশি দাম পাওয়া যেত বলে তাঁরা জানিয়েছেন।
উপজেলার কোলাবিল মৎস্যজীবী সমিতির সভাপতি আলতাফ হোসেন জানান, তিনি দ্বিতীয় দরদাতার চেয়ে দেড় লাখ টাকা বেশি দিয়ে দরপত্র জমা দিলেও তাঁকে নরদাশ এলাকার একটি পুকুর দেওয়া হয়নি। রহস্যজনক কারণে তা স্থগিত করা হয়েছে।
এ ছাড়া নীতিমালা লঙ্ঘন করে একটি সমিতিকে চারটি পুকুর ইজারা দেওয়া হয়েছে। সরকারি নীতিমালায় একটি সমিতির সর্বোচ্চ তিনটি পুকুর ইজারা পাওয়ার কথা বলা হয়েছে। তবে একই নোটিশে উপজেলার দ্বীপপুর মধ্যপাড়া মৎস্যজীবী সমবায় সমিতিকে সমষপাড়ায় দুটি, মরুগ্রামের একটি ও খাপুর এলাকার একটি পুকুর ইজারা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্র জানায়, চলতি বছরের ২২ জানুয়ারি খাসপুকুর ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রথম পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করে রাজশাহীর স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রথম দফায় শুধু প্রকৃত নিবন্ধনধারী মৎস্যজীবী সমিতির কাছে দরপত্র বিক্রির কথা উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ে জেলার মোট ৭৬টি মৎস্যজীবী সমিতি ৫০০ টাকা করে ৯৭টি দরপত্র কিনে তা দাখিল করে।
দরপত্র যাচাই শেষে ৬৩টি পুকুরের ইজারা চূড়ান্ত ও ৩৪টির স্থগিত করে গত বুধবার নোটিশ ঝোলানো হয়েছে। অভিযোগ উঠেছে, নীতিমালা লঙ্ঘন করে ১০টি পুকুর ইজারা দেওয়া হয়েছে। প্রকৃত মৎস্যজীবী সমিতির মধ্যে প্রথম দফায় ইজারার কথা থাকলেও ওই পুকুরের ক্ষেত্রে তা মানা হয়নি।
ভূমি মন্ত্রণালয়ের ২০০৯ সালের সরকারি জলমহাল ব্যবস্থাপনা সংশোধনী নীতিমালায় বলা হয়েছে, প্রথম পর্যায়ে শুধু মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা দেওয়া যাবে। দ্বিতীয় পর্যায় থেকে অন্যান্য নিবন্ধিত সমিতি, বেকার যুবক, মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান, যুব মহিলা, বিধবা, স্বামী পরিত্যক্ত নারী, আনসার-ভিডিপি ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ইজারা দেওয়া যাবে।
এসব বিষয়ে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, নীতিমালায় ওভাবে স্পষ্ট বলা হয়নি। মৎস্যজীবীরা অগ্রাধিকার পাবেন বলে উল্লেখ রয়েছে। তবে এই প্রতিবেদক সরকারি ওই নীতিমালার কথা বললে ইউএনও বলেন, ‘নীতিমালায় এমনটি আছে বলে আমার খেয়াল হচ্ছে না। আরেকবার দেখতে হবে।’