নিয়ম মানতে বলায় প্রভাষককে মারধর
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম কলেজের এক প্রভাষককে মারধর করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গতকাল শনিবার সকালে ওই কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কলেজশিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কলেজে সম্প্রতি প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এর আগে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, কলেজে ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী কলেজের পোশাক ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারবে না। পাশাপাশি মোটরসাইকেল নিয়েও ভেতরে ঢুকতে পারবে না। গতকাল কলেজের অধ্যক্ষ মমিনুল হক ও প্রভাষক নাফিজ উদ্দিন কলেজ ক্যাম্পাসে এ বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। বেলা ১১টার দিকে সামসুজ্জামানসহ ছাত্রলীগের দুজন নেতা মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আরও কয়েকজন ছাত্রলীগের বহিরাগত কর্মী কলেজ এলাকায় প্রবেশ করেন। প্রভাষক নাফিজ উদ্দিন তখন তাঁদের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসের বাইরে যেতে বলেন এবং কলেজের নিয়মটি জানিয়ে দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের নেতারা কয়েক শ শিক্ষার্থীর সামনে ওই শিক্ষকের শার্টের কলার ধরে কিল-ঘুষি মারেন। পরে অধ্যক্ষ এগিয়ে এসে ওই শিক্ষককে রক্ষা করার চেষ্টা করেন। অধ্যক্ষের হাত থেকে ওই শিক্ষককে টেনে নিয়ে তাঁরা মারধর করা অব্যাহত রাখেন। তাঁরা ওই শিক্ষকের শার্ট ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর কলেজশিক্ষকেরা বৈঠক করে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন।
কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক বলেন, স্থানীয় সাংসদ এই কলেজ পরিচালনা কমিটির সভাপতি। সাংসদ থানায় মামলা করতে নিষেধ করেছেন। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে সাংসদ হাজী রহিম উল্যাহ বলেন, তিনি কলেজ অধ্যক্ষকে থানায় মামলা করতে বলেছেন। সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আরজুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ কর্তৃপক্ষ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় এ ব্যাপারে ছাত্রলীগের নেতা সামসুজ্জামানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁরা ছাত্রলীগের কোনো পদে নেই।