চলতি এইচএসসি পরীক্ষায় নিয়মের তোয়াক্কা না করে নওগাঁর ধামইরহাটে একটি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা ওই কলেজ কেন্দ্রে নেওয়া হচ্ছে। কেন্দ্রসচিবের দায়িত্বেও রয়েছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ নিয়ে অন্যান্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পরীক্ষা শুরুর আগে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলেও এ বিষয়ে তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ায় এবং ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষই কেন্দ্রসচিব হওয়ায় প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীরা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি (কারিগরি) পরীক্ষায় কারিগরি বোর্ডের অধীনে উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজকে কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রটিতে ওই প্রতিষ্ঠানের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার পরীক্ষার্থীরা ছাড়াও ধামইরহাট টেকনিক্যাল কলেজ ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার বিএম শাখার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ওই কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীনে বিএম শাখার প্রথম বর্ষের ১৮৮ জন ও দ্বিতীয় বর্ষের ১৩২ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে জগদল আদিবাসী স্কুল ও কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ৪৪।
কয়েকটি কলেজের অন্তত ছয়জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক সুশীল কুমার পাল স্বাক্ষরিত পরীক্ষাসংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী নিজ কলেজ অথবা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ বোর্ডের নির্দেশনা অমান্য করে প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর প্রতিষ্ঠানের বিদ্যালয় ও কলেজ শাখার ভিন্ন ক্যাম্পাস দেখিয়ে পরীক্ষা কেন্দ্রের অনুমোদন নিয়েছেন। অথচ জগদল আদিবাসী স্কুল ও কলেজের ক্যাম্পাস অভিন্ন এবং প্রতিষ্ঠানের প্রধান একই ব্যক্তি। নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুবিধা নিয়ে ওই কলেজের পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করছে বলে অভিযোগ করেন তাঁরা।
ধামইরহাট কারিগরি কলেজের প্রভাষক মুক্তিয়ার রহমান বলেন, ‘নিয়ম লঙ্ঘন করে নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়া নিয়ে পরীক্ষা শুরুর আগে আমি ইউএনওর কাছে মৌখিকভাবে অভিযোগ করেছিলাম। তিনি তখন এ বিষয়ে নিয়মমাফিক ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। তারপরও নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।’
জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম দাবি করেন, তাঁর ভাষায়, ‘আমি নিজে কোনো তদবির করিনি। বোর্ড থেকেই আমার প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে।’ তিনি বলেন, ‘নিজে কেন্দ্রসচিব হলেও এখান থেকে বাড়তি কোনো সুবিধা নিইনি। এ ছাড়া নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিলেও আমার কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নেই। এখানে অত্যন্ত কড়াকড়িভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে।’
জানতে চাইলে, কারিগরি বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক সুশীল কুমার পাল বলেন, নিজ প্রতিষ্ঠানে কেন্দ্র হলে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের সেই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কোনো নির্দেশনা নেই। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় ইউএনওর বিষয়টি তদারক করার কথা। এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সে ব্যাপারে তিনিই (ইউএনও) ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া বলেন, ‘পরীক্ষা শুরুর মাত্র দুই-একদিন আগে বিষয়টি আমাদের নজরে আসে। সেই মুহূর্তে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করতে বেশ ঝামেলা হতো। এ বছর একটু ত্রুটি হয়েছে। তবে সামনেরবার থেকে এ রকম ভুল আর হবে না।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমি নিজে এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।’