নিয়মবহির্ভূতভাবে বিনার কর্মকর্তার পদ অবনমন!
আর্থিক অনিয়মের অভিযোগ ছয়জনের বিরুদ্ধে। কিন্তু পদ অবনমন করা হয়েছে একজনের। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) এ ঘটনা ঘটেছে। আবার অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় ওই কর্মকর্তাকে শাস্তি দেওয়াকে নিয়মবহির্ভূত বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বিনার অর্থ বিভাগের উপপরিচালক আবু লায়েছের পদ এভাবে অবনমন করা হয়েছে। তাঁকে সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। আর উপপরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এ বিভাগের সহকারী পরিচালক মঞ্জুরুল হোসেন খানকে। গত ৩০ আগস্ট বিনার প্রশাসন বিভাগের উপপরিচালক মো. আবদুল লতিফ সিদ্দিকী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। বিনা সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয় বিনার ছয়জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ওই আর্থিক অনিয়মের অভিযোগ করেছে। বিষয়টি এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
বিনার কর্মকর্তারা বলছেন, আদেশে আর্থিক অনিয়মের কথা বলা হলেও মূলত শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আবু লায়েছের পদ অবনমন করা হয়েছে। আবার তদন্ত শেষ হওয়ার আগেই শাস্তি দেওয়ায় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবু লায়েছ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা প্রমাণিত নয়। এ অবস্থায় আমাকে পদ থেকে অবনমন করা নিয়মবহির্ভূত।’ বিনার কর্মকর্তা সমিতির সভাপতি আবদুল বাকী বলেন, ছয়জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনের পদ অবনমন করা নিয়মবহির্ভূত।
আবদুল বাকীসহ বিনার একাধিক কর্মকর্তা বলেছেন, উপপরিচালকের চলতি দায়িত্ব পাওয়া মঞ্জুরুলের বিরুদ্ধেও একাধিকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি মামলা দিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ভোগান্তিতে ফেলেছেন।তবে মঞ্জুরুল হোসেন খান বলেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো অভিযোগ নেই। আর আগের কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।
বিনার প্রশাসন বিভাগের উপপরিচালক আবদুল লতিফ সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি। মহাপরিচালক (ডিজি) শমসের আলী মুঠোফোনে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না’।