নিয়মিত ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের নালিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত পাঠদান না করানো ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের এসব অনিয়মের প্রতিবাদে ও নিয়মিত ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেছে।
প্রত্যক্ষদর্শী চার-পাঁচ ব্যক্তি জানান, গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপজেলা পরিষদে আসে। তারা ইউএনওর দপ্তরে গিয়ে নিয়মিত পাঠদান না করানো ও বিদ্যালয় ভবনের প্রধান দরজা বন্ধ করে রাখার বিষয়ে নালিশ করে। তারা নিয়মিত পাঠদানেরও দাবি জানায়। পরে ইউএনও এ বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের আট-দশজন শিক্ষার্থী জানায়, চলতি বছরের তিন মাস পার হলেও নিয়মিত ক্লাস হচ্ছে না। অনেক শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তাঁরা ক্লাসে আসেন না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান বলেন, শিক্ষকের পদ শূন্য থাকায় সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। তবে তাঁরা সব ক্লাস নেওয়ার চেষ্টা করেন। বিদ্যালয় ভবনের প্রধান দরজা বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বাইরে ঘোরাফেরা না করতে পারে, এ জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও তরিকুল ইসলাম জানান, ‘শিক্ষার্থীদের কথা শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।’