নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে রাবেয়া বাসরী (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর স্বামী এটিকে বিষপানে আত্মহত্যা বলে দাবি করলেও নিহত রাবেয়ার ছোট ভাই থানায় ইউডি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নাকইল গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী রাবেয়া রাত ১০টার দিকে বিষ পান করেন। এতে যন্ত্রণায় কাতরাতে থাকলে আশপাশের লোকজন উদ্ধার করে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাবেয়ার ছোট ভাই বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন।
ওই গৃহবধূর ছোট ভাই হারুন অর রশিদ বলেন, ‘আমার বোনের আত্মহত্যা করার কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না। এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য থানায় মামলা করা হয়েছে।’
নিহত রাবেয়ার স্বামী ময়েজ উদ্দিনের দাবি, তাঁর স্ত্রীর কিছু মানসিক সমস্যা ছিল। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি হতাশায় ভুগতেন। এ কারণে তিনি বিষ পান করে আত্মহত্যা করে থাকতে পারেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে তিনি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তপন ঘোষ জানান, প্রাথমিক সুরতহালে নিহত রাবেয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে আরও স্বচ্ছতার জন্য লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।