রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদের এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে পুলিশে দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী আবদুল্লাহ আল-মামুন ও জয়পুরহাট জেলার সদর থানার সাদিকুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একই পদের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২০ নভেম্বর প্রশ্নপত্র বিতরণে গরমিলের অভিযোগে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে রাকাবের এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এতে ভোগান্তিতে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থী।