নিয়োগ বাতিলের দাবিতে পাঁচ দিন ধরে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ‘ট্যাক্স কালেক্টর মোহরার’ (টিসি মোহরার) পদে খালেদাতুন জান্নাত নামে এক কনিষ্ঠ নকলনবিশকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়োগ বাতিলের দাবিতে পাঁচ দিন ধরে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন নকলনবিশেরা। এতে ওই কার্যালয়ে কাজে এসে লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।

জেলা রেজিস্ট্রার কার্যালয় ও জেলা নকলনবিশ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২০ জুলাই মহাপরিদর্শক নিবন্ধন, বাংলাদেশের (আইজিআর) কার্যালয় থেকে জারি করা আদেশে তালিকাভুক্ত নকলনবিশদের মধ্য থেকে জ্যেষ্ঠ নকলনবিশকে টিসি মোহরার পদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা রেজিস্ট্রার মো. আবদুল মান্নান গত বুধবার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে খালেদাতুন জান্নাতকে টিসি মোহরার পদে পদোন্নতিপূর্বক অস্থায়ীভাবে নিয়োগ দেন। পরে এ নিয়োগ বাতিলের দাবিতে জেলা নকলনবিশ অ্যাসোসিয়েশনের আহ্বানেগত বৃহস্পতিবার থেকেসাব-রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন নকলনবিশেরা। তবে নকলনবিশদের বাধার মুখে খালেদাতুন জান্নাত এখনো নতুন পদে যোগদান করতে পারেননি।

জেলা নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, জেলার পাঁচটি উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৪৯ জন নকলনবিশ কর্মরত আছেন। জেলা রেজিস্ট্রার মান্নান টিসি মোহরার পদে নিয়োগ পেতে আগ্রহী জ্যেষ্ঠ নকলনবিশদের বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে কনিষ্ঠ নকলনবিশকে ওই পদে নিয়োগ দেন। এ নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা বৃহস্পতিবার থেকে ওই অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। এ ছাড়া এ নিয়োগ বাতিল চেয়ে তাঁরা গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন করেছেন।

গতকাল সোমবার সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গেলে নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের ভেকিকুড়া গ্রামের মো. ইব্রাহিম জানান, ২০০৬ সালে তিনি জমি কিনেছিলেন। কিন্তু দলিলের নকল কপি তোলেননি। আজই প্রথম নকল কপি তুলতে এসেছিলেন। কিন্তু নকলনবিশদের কর্মবিরতির কারণে তিনি তা তুলতে পারছেন না।

এ ব্যাপারে খালেদাতুন জান্নাত জানান, তাঁর বাবা মো. আবদুল খালেক আকন্দ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে ৩৮ বছর চাকরি করেছেন। অবসরের সময় তিনি সরকারি আনুতোষিক ১৫ হাজার টাকা ছাড়া অন্য কোনো আর্থিক সুযোগ-সুবিধা পাননি। তাই তাঁর (খালেদাতুন জান্নাত) আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বর্তমান আইজিআর মহোদয় তাঁকে টিসি মোহরার পদে নিয়োগ দিয়েছেন। কিন্তু নকলনবিশ অ্যাসোসিয়েশনের নেতারা তাঁকে যোগদান করতে বাধা দেওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার জানান, গত ১৬ এপ্রিল ইস্যু করা নিবন্ধন পরিদপ্তরের নিপ/টি সি/এ-২/১১/৬০৩ নম্বর স্মারকের মাধ্যমে মহাপরিদর্শক, নিবন্ধন মহোদয়ের নির্দেশক্রমে তিনি খালেদাতুন জান্নাতকে ওই পদে নিয়োগ দিয়েছেন। মূলত তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছেন। এ নিয়োগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।