নিয়োগ বোর্ড নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের সঙ্গে সহসভাপতি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সাইদুর রহমান নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ সাইদুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র নেওয়া হয়। পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাইদুরের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাঁর পক্ষের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের জন্য গতকাল উপাচার্যের বাংলোতে শিক্ষক নিয়োগ বোর্ড ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমানের পক্ষের নেতা মো. হালিমের নেতৃত্বে কিছু নেতা-কর্মী দুপুর পৌনে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁকে এই বোর্ড স্থগিত করতে চাপ দেন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে সরে এসে প্রশাসন ভবনের ভেতরে হট্টগোল শুরু করেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের পক্ষের নেতা শিশির ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন কর্মী ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিশির পিস্তল বের করে সহসভাপতি পক্ষের সিদ্দিকী আরাফাতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সহসভাপতি পক্ষের সাইদুর রহমানের পায়ে লাগে। একপর্যায়ে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে সভাপতি পক্ষের কর্মীরা প্রশাসন ভবন থেকে বেরিয়ে গিয়ে দলীয় টেন্টে অবস্থান নেন। সেখানেও তাঁদের ওপর চড়াও হয় সহসভাপতি পক্ষ। এ সময় সংঘর্ষ বেধে গেলে লাঠিসোঁটার আঘাতে সভাপতি-সম্পাদক পক্ষের শিশির ইসলাম, কামরুজ্জামান সাগর, নোমান রবিন, আতাউর রহমান, রাজু আহমেদ এবং সহসভাপতি পক্ষের মো. হালিম, সিদ্দিকী আরাফাত, মো. সবুজ, মো. আলো, অনিক, জুবায়েরসহ ১৪ জন আহত হন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে সংঘর্ষের ঘটনার পর সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা ছাত্রলীগের দলীয় টেন্টে এবং সহসভাপতি পক্ষের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের পাশের আমবাগানে অবস্থান নেন। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগ বোর্ডে আধিপত্য বিস্তার করতে বহিরাগতরা উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে ছাত্রলীগ তা প্রতিরোধ করেছে। গুলি করার বিষয়ে তিনি বলেন, ‘তারাই (সহসভাপতি পক্ষ) আমার নেতা-কর্মীদের ওপর গুলি চালিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে।’
তবে সহসভাপতি পক্ষের নেতা মো. হালিম বলেন, ‘উপাচার্য স্যারের সঙ্গে কথা বলার সময় সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের সন্ত্রাসীরা অতর্কিত আমাদের লক্ষ্য করে গুলি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করেছি।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছিল। উভয় পক্ষকে বুঝিয়ে বিষয়টি ঠিক করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ভুল বোঝাবুঝির কারণে একটা সমস্যা হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাবাহিনীর সক্রিয় চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।