রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালের সাবেক পরিচালক ও তাঁর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগের তদন্ত করছে। কাল মঙ্গলবার নিয়োগসংক্রান্ত নথিসহ সংশ্লিষ্ট সব রেকর্ড দুদকে সরবরাহের জন্য ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে রাজশাহী থেকে এক ব্যক্তি দুদকের প্রধান কার্যালয়ে নিয়োগ-বাণিজ্যের বিস্তারিত বিবরণ দিয়ে একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কমিশন তদন্ত করছে।
দুদকে করা অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের শেষের দিকে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান হাসপাতালে পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সাবেক ফটোগ্রাফার মোজাহার আলীকে তাঁর নিজের লোক হিসেবে পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে মন্ত্রী প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে ২০১২ সালের ২২ ডিসেম্বর মোজাহারকে স্টেনোগ্রাফার পদে নিয়োগ দেন। ওই সময় থেকেই তিনি পরিচালকের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন।
পরে মন্ত্রী, পরিচালক ও মোজাহার মিলে দীর্ঘদিন ঝুলে থাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০১২ সালের ৪ ডিসেম্বর পত্রিকায় পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়। মন্ত্রী, পরিচালক ও মোজাহার মিলে ২৪টি পদ ভাগাভাগি করে নেন। এর মধ্যে মন্ত্রী ও তাঁর লোকজনদের সুপারিশে ১০ জন, পরিচালকের ১০ জন ও মোজাহারের চারজন রয়েছে।
সাবেক পরিচালক সাইদুর রহমান বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম করা হয়নি। কোনো দুর্নীতিও হয়নি।