রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সরকারি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, গত ২৮ মার্চ ওই কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ ব্যক্তিদের ২৭ ও ৩১ জুলাই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নিয়ে মোট ১১৯ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। এসব পদ হলো অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য সহকারী, কার্ডিওগ্রাফার, এমএলএসএস, ওটি বয়, ল্যাব অ্যাটেনডেন্ট ও ইমারজেন্সি অ্যাটেনডেন্ট।
এই নিয়োগে সরকারি বিধি অনুযায়ী ২৬ জনের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হওয়ার কথা। কিন্তু এই ২৬ জনের মধ্যে ১৮ জনকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়ে সবার নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কমান্ডার মোছাদ্দেক হোসেন জেলা সিভিল সার্জনের কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়ে ও সরকারি বিধি অনুযায়ী তা পূরণের দাবি জানিয়ে ৪ আগস্ট একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, মুক্তিযোদ্ধা কোটায় এই আটজনকে নিয়োগ না দিয়ে সাধারণ কোটা থেকে তা পূরণ করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী কোনো পদের বিপরীতে আবেদন না পাওয়া গেলে পুনরায় বিজ্ঞপ্তি আহ্বান করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত মুক্তিযোদ্ধার কোটা পূরণের দাবি জানানো হয়েছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেন ৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিবের কাছে একটি পত্র পাঠান। সেই পত্র থেকে জানা যায়, গত ২৮ মার্চ লিখিত পরীক্ষা অনুযায়ী ২ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। ২৭ ও ৩১ জুলাই তাঁদের নিয়োগ দেওয়া হয়। এই চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি বিধিমোতাবেক মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের ক্ষোভ নিরসনে অতি দ্রুত মুক্তিযোদ্ধা কোটা পূরণের ব্যবস্থা গ্রহণের কথাও চিঠিতে উল্লেখ হয়েছে।
মোছাদ্দেক হোসেন বলেন, ‘সরকারি বিধি মানা হয়নি। অবিলম্বে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটা পূরণের দাবি করছি। এই দাবি পূরণে গড়িমসি করা হলে মুক্তিযোদ্ধাদের নিয়ে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে দাবি আদায় করা হবে।’
মোজাম্মেল হোসেন মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এই নিয়োগের ব্যাপারে আমাদের কোনো করণীয় নেই। এটি ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তর করেছে। আমরা শুধু পোস্ট অফিসের ভূমিকা পালন করেছি। পুরো বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি মারফত জানানো হয়েছে। এখনো এর কোনো উত্তর পাওয়া যায়নি।’