নিয়োগে সাংসদের তরিকা
ঠাকুরগাঁও সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য না হয়েও তিনি সশরীরে উপস্থিত থেকে নিয়োগ-প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সাংসদ বলছেন, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতেই তিনি এ কাজ করছেন।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ডের প্রধান হন অধিদপ্তরের ডিজির প্রতিনিধি। আরও থাকেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রতিষ্ঠানের প্রধান, একজন শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া যে বিষয়ে শিক্ষক নিয়োগ হবে, প্রয়োজন মনে করলে সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ নিতে পারেন ডিজির প্রতিনিধি।
কিন্তু সাংসদ রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বোর্ডের সব কর্মকাণ্ড নিজেই পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। গত ৪ জুলাই ঠাকুরগাঁওয়ের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের কৃষিবিজ্ঞান ও কম্পিউটার পদে শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল। পরীক্ষার দিন ঠাকুরগাঁও সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে রমেশ চন্দ্র সেন উপস্থিত হয়ে নিয়োগ বোর্ডকে উপেক্ষা করে নিজেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে শুরু করেন। এতে বোর্ড সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ পরীক্ষাকেন্দ্রে গিয়ে সাংসদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে আবদুল মজিদ অভিযোগ করেন, ‘নিয়োগ বোর্ডের সদস্য না হয়েও এমপি মহোদয় বোর্ডের সদস্যদের বসিয়ে রেখে নিজেই প্রশ্নপত্র তৈরি শুরু করেছিলেন। এমন অনিয়ম আমরা মেনে নিতে পারিনি বলেই সেদিন প্রতিবাদ করেছিলাম।’ তিনি দাবি করেন, নিজের পছন্দের লোককে চাকরি পাইয়ে দিতেই সাংসদ একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ-প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।
রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সভাপতি ফজলুল হক ও প্রধান শিক্ষক শামীম আরা বেগম নিয়োগ-প্রক্রিয়ায় সাংসদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ আগস্ট ঠাকুরগাঁও সরকারি কলেজে খারুয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়, মাতৃগাঁও মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়, কচুবাড়ি উচ্চবিদ্যালয় ও আখানগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষের কক্ষে নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু প্রশ্নপত্র তৈরি করছেন। সাংসদ তাঁদের নির্দেশনা দিচ্ছেন।
মাতৃগাঁও উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি মোকছেদুল ইসলাম বলেন, সাংসদের দেখিয়ে দেওয়া অধ্যায় থেকে প্রশ্নপত্র তৈরি করতে হলো।
রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে অনেক অনিয়মের কথা তাঁকে শুনতে হয়। নিয়োগে অনিয়ম হলে বিদ্যালয় ভালো শিক্ষক পায় না। মেধাবী শিক্ষক নিয়োগ দিতে চেষ্টা চালাচ্ছেন তিনি।
নিয়োগ বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একজন সংসদ সদস্য নিজেই শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হয়ে নির্দেশনা দিতে চাইলে আমরা তো তাঁকে নিষেধ করতে পারি না।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু বলেন, তিনি কিছুদিন আগে এই উপজেলায় যোগদান করেছেন। যোগদানের পর থেকেই দেখছেন এখানে এভাবেই শিক্ষক নিয়োগ চলছে।