রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৫৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যালয় থেকে জানা যায়, বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উচ্চমান সহকারী শংকর চন্দ্র সাহা, শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ কর্মচারী খালিদ হোসেন সরদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিয়ন সেকেন্দার আলী, গণিত বিভাগের পিয়ন হাবিবুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের পিয়ন আব্বাস আলী।
সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য চৌধুরী সারওয়ার জাহান জানান, বরখাস্ত হওয়া কর্মচারীরা বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এরপর তাঁরা তাঁদের টাকাও ফেরত দেননি। প্রতারণার শিকার চাকরিপ্রার্থী ও তাঁদের স্বজনেরা বরখাস্ত করা ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ব্যাপারে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪৫০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে।
সহ-উপাচার্য আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর চূড়ান্তভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।