নিয়োগ-বাণিজ্যের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে তিনি কাজটি করেন। এ ঘটনায় চাকরিবঞ্চিতরা ১১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে এ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। একটি পদের বিপরীতে আবেদন পড়ে ১২টি। গত ১০ জানুয়ারি এবং ৯ এপ্রিল সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ওই দুই দফায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত ২৭ এপ্রিল বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চাকরিবঞ্চিত সুন্দরগঞ্জ পৌরসভার হুরাভায়াখা গ্রামের নজরুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক ঘুষ নিয়ে পছন্দের লোককে নিয়োগ দিতে দুই দফায় পরীক্ষা স্থগিত করেন। তৃতীয় দফায় গত ২৭ এপ্রিল গোপনে নিয়োগ পরীক্ষা নেন। তিনি আরও বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক আমার কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নেন। কিন্তু এখন টাকা ফেরত দিতে টালবাহানা করছেন।’
এ বিষয়ে প্রধান শিক্ষক মুঠোফোনে বলেন, ‘আমরা নিয়োগ পরীক্ষা স্থগিত করিনি। আবেদনকারীদের বেশির ভাগ আওয়ামী লীগ-সমর্থক। তাঁরাই পরীক্ষার দিন গণ্ডগোল করেন। ফলে পরীক্ষা স্থগিত করা হয়।’
চাকরিবঞ্চিত গোপালচরণ গ্রামের তাওহীদুল ইসলাম অভিযোগ করেন, ‘আমাকে নিয়োগ দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক সাড়ে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু গোপনে আমার চেয়ে বেশি টাকা নিয়ে অন্যজনকে নিয়োগ দিয়েছেন।’
একই গ্রামের চাকরিবঞ্চিত নূর আলম বলেন, ‘চাকরির জন্য প্রধান শিক্ষককে ২ লাখ ৪০ হাজার টাকা দিই। চাকরি তো দূরের কথা, টাকা উদ্ধারেই হিমশিম খাচ্ছি।’
প্রধান শিক্ষক চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিকভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি না পেয়ে তারা মিথ্যা অভিযোগ করছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যোগসাজশের অভিযোগ ঠিক না। নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়।
৭ মে আতিকুর রহমান নামের একজনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে ওই দিন বিকেলে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন চাকরিবঞ্চিতরা। ১০ মে সুন্দরগঞ্জের ইউএনও আবদুল হাইয়ের হস্তক্ষেপে বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক চারজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে ইউএনওকে বলেছি।’
ইউএনও আবদুল হাই বলেন, অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।