নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হ‌ুমায়ূন কবিরের বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু জাল স্বাক্ষরই নয়; যে পদে নিয়োগ দেওয়া হয়েছে, ওই পদটিও বিদ্যালয়ে নেই।

অভিযোগ আছে, উৎকোচের বিনিময়ে প্রধান শিক্ষক মো. হ‌ুমায়ূন কবির অবৈধ এ কাজ করেছেন। মো. হুমায়ূন কবির স্বাক্ষর জাল-জালিয়াতির বিষয়টি স্বীকারও করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পত্রিকায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) পদে চাকরির জন্য আবেদন করেন আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কের হৈমন্তী শুকলা নামের এক প্রার্থী। সে অনুযায়ী তাঁকে ২০১৫ সালের ১৯ ডিসেম্বর বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের অফিসকক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে চিঠি দেন প্রধান শিক্ষক মো. হ‌ুমায়ূন কবির। কিন্তু সেই দিন ওই বিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে গোপনীয়তার অজুহাত দেখিয়ে হৈমন্তী শুকলার বাসায় বসেই পরীক্ষা নেওয়া হয়। এ জন্য তাঁকে (হৈমন্তী শুকলা) নিয়োগ দিতে ২ লাখ টাকা ঘুষ নেন। পরে ২৩ ডিসেম্বর মো. হ‌ুমায়ূন কবিরের দেওয়াএকটি চিঠিতে বলা হয়, নির্বাচনী বোর্ডের সুপারিশ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১০ নম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী হৈমন্তী শুকলাকে নিয়োগের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নিয়োগপত্র পাওয়ার ৭ দিনের মধ্যে তাঁকে বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়।

হৈমন্তী শুকলা অভিযোগ করেন, প্রধান শিক্ষক হ‌ুমায়ূন কবিরের নিয়োগসংক্রান্ত চিঠি পাওয়ার পর ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তিনি ওই বিদ্যালয়ে যোগদান করেন। সেই থেকে বিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করলেও তাঁর বেতন-ভাতা হয়নি। হুমায়ূন কবির দীর্ঘদিন ধরে তাঁকে আশ্বাস দিলেও প্রায় দুই বছরেও তাঁর বেতন-ভাতার অনুমোদন হয়নি। সম্প্রতি তিনি বরগুনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে এ ধরনের কোনো নিয়োগই ওই বিদ্যালয়ে দেওয়া হয়নি। এমনকি যে পদে শিক্ষক নিয়োগ দেখানো হয়েছে, সে পদটির অনুমোদনই ওই বিদ্যালয়ের নেই।

হৈমন্তী শুকলার নিয়োগসংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখা যায়, তৎকালীন বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন এবং ডিজির প্রতিনিধি ও বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের স্বাক্ষর রয়েছে সেখানে। কিন্তু সব স্বাক্ষরই মূলত জাল। প্রধান শিক্ষক হ‌ুমায়ূন কবির এসব স্বাক্ষর জাল করে কথিত নিয়োগের প্রক্রিয়াটি চূড়ান্ত করেন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, ‘ভুয়া সই দিয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি আমি শুনেছি। তবে ওই নিয়োগপত্রে আমি কোনো সই দিইনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

একইভাবে নিয়োগ কমিটির সদস্য ও বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘আমার বিদ্যালয়ে ওই তারিখে অথবা পরেও ওই বিদ্যালয়ের হিন্দু শিক্ষক পদে কোনো নিয়োগ পরীক্ষা হয়নি। অতএব ওই নিয়োগসংক্রান্ত কাগজে সই দেওয়ার প্রশ্নই আসে না।’

বরগুনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। তাই এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে, লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হ‌ুমায়ূন কবির বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় কিছু অনিয়ম হয়েছিল। তবে তা সমাধান হয়ে গেছে। হৈমন্তী শুকলার কাছ থেকে নিয়োগ বাবদ নেওয়া ১ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নুরুজ্জামান এ বিষয়ে বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’