বিভাগীয় প্ল্যানিং কমিটির সভা ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, ফার্মেসি, বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে শিক্ষক নিয়োগের অভিযোগ তুলেছে শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই সংবাদ সম্মেলন হয়। এতে শিক্ষক সমিতি সুনির্দিষ্ট কিছু অভিযোগ উত্থাপন করে। তবে এসব অভিযোগ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন বলে উপাচার্যপন্থী দুজন শিক্ষক দাবি করেছেন।
এদিকে গতকালও উপাচার্য মো. আলী আশরাফ তাঁর দপ্তরে যাননি। শিক্ষক সমিতি গতকালও উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেয়। ৮ মার্চ থেকে উপাচার্য তাঁর দপ্তরে প্রবেশ করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি পরিসংখ্যান বিভাগে শিক্ষক নিয়োগের বোর্ড হয়। এতে একটি পদের বিপরীতে তিনজনকে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে প্ল্যানিং কমিটিকে অগ্রাহ্য করে অধিকতর যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে নিজেদের পছন্দমতো প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আদিব সালমান চৌধুরীকে না জানিয়ে প্ল্যানিং কমিটির নামে প্রার্থীর তালিকা তৈরি করা হয়। এ কারণে তিনি তালিকায় সই করেননি।
ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. কামাল উদ্দিন এবং বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী একজন আবেদনকারীকে কুমিল্লা শহরের একটি হোটেলে ডেকে এনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। পরে তাঁর চাকরি হয়নি। এ ছাড়া ফার্মেসি বিভাগের প্ল্যানিং সভা উপাচার্যের কক্ষে হয়। বর্তমান বিভাগীয় প্রধানকে উপাচার্য ডেকে নিয়ে স্বাক্ষর দিতে বাধ্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১০ মার্চ তড়িঘড়ি করে সিন্ডিকেটে ওই সব নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনিয়মতান্ত্রিক ও অবৈধ নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগে স্বজনপ্রীতির কারণে এই বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা শিক্ষক হতে পারছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন।
অভিযোগ প্রসঙ্গে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘পরিসংখ্যান বিভাগের প্ল্যানিং সভায় বিভাগীয় প্রধান সই করেননি, এটা সত্য। তবে তিনি সভায় উপস্থিত ছিলেন। একাধিক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি উপাচার্যের এখতিয়ার। কেউ চাকরির জন্য আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তার মানে এই নয় যে আমরা তাঁকে লোভ দেখিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মো. কামাল উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে বলেন, এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, শিক্ষক সমিতির অভিযোগ ভিত্তিহীন। তারা বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট করার জন্য একের পর এক অগ্রহণযোগ্য দাবি নিয়ে আন্দোলন করছে।