রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টা থেকে ইনস্টিটিউটের আওতাধীন বিশ্ববিদ্যালয় স্কুলের সাধারণ কর্মচারী (আয়া ও মালি) পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়। ৮-১০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী ইনস্টিটিউটের পরিচালকের অফিসে যান। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালে ভেতরে ঢুকে তাঁরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন।
গত ৪ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বিভিন্ন বিভাগে ১৭টি প্রভাষক, একটি নিম্নমান সহকরী ও দুটি সাধারণ কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গতকাল সাধারণ কর্মচারী ক্যাটাগরির প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার নির্ধারিত তারিখ ছিল। অন্যান্য পদের নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছে।
ঘটনা সম্পর্কে ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আনসার উদ্দিন বলেন, সাক্ষাৎকার চলাকালে ১৫-২০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী ভেতরে ঢুকে যান। তাঁরা নিয়োগ বন্ধ করে দিতে বলেন। একপর্যায়ে হট্টগোল করে মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন। এরপর পরীক্ষা স্থগিত করে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। এক প্রশ্নের জবাবে আনসার উদ্দিন বলেন, ‘সরাসরি তারা তো কিছু বলেনি। এটা সবাই জানে তারা কী চায়। হয়তো আওয়ামী লীগের লোকজনকে নিয়োগের দাবি তাদের।’
এ বিষয়ে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘পদ দুটিতে চাকরির বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। আমাদের দাবি, বয়স ১৮ বছর থেকে ৪০ বা ৪২ বছর করতে হবে। এ জন্য আমরা গিয়েছিলাম। এর বেশি কিছু নয়।’ আগে দাবি না জানিয়ে নিয়োগ বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু কথা শোনেনি।’
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘ঘটনা শোনার পর সেখানে প্রক্টরকে পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’